টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য ও নজিরবিহীন বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টেস্ট ইতিহাসে বল বাই বল তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে প্রথম বোলার হিসেবে টানা পাঁচটি 'মেডেন উইকেট' (ওভার রান না দিয়ে উইকেট নেওয়া) ওভার বোলিং করার ঐতিহাসিক কীর্তি গড়েছেন তিনি। টানা ৫ ওভার মেডেন উইকেট নেন তিনি, সব মিলিয়ে নেন ৫ উইকেট। অর্থাৎ এই ৫ ওভারে কোনো রান না দিয়ে প্রতি ওভারেই ১টি উইকেট নিয়েছেন।
ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টের রোমাঞ্চকর তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির আগে-পরে দুর্দান্ত এক স্পেলে পাকিস্তান ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়ে এই ইতিহাস লেখেন গ্রিভস। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি তিনি পেছনে ফেলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে, যিনি ২০১৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা চারটি উইকেট মেডেন ওভার নেওয়ার রেকর্ড গড়েছিলেন।
পাকিস্তানের প্রথম ইনিংস তখন শক্ত অবস্থানে; শান মাসুদ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ৩ উইকেটে ২৪৪ রানে নিয়ে যান। বড় লিডের দিকে এগোনো পাকিস্তানকে প্রথম ধাক্কাটা দেন গ্রিভস নিজেই- ফার্স্ট সেঞ্চুরিয়ান শান মাসুদকে ফিরিয়ে ধসের সূচনা করেন তিনি।
এরপর কোনো রান না দিয়েই পরপর তিন ওভারে আমির জামাল, আলী ওসমান এবং মোহাম্মদ রিজওয়ানকে সাজঘরে ফেরত পাঠান এই অভিজ্ঞ ডানহাতি পেসার। ফলে ৮ উইকেটে ২৬৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। বিরতির ঠিক পর নিজের প্রথম ওভারেই মোহাম্মদ আব্বাসকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে টেস্ট ইতিহাসে টানা ৫টি ওভার রান না দিয়ে উইকেট নেওয়ার অবিস্মরণীয় কীর্তি সম্পন্ন করেন গ্রিভস। ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়ে যায় ২৮২ রানে।
ইতিহাস গড়া স্পেল নিয়ে গ্রিভস বলেন, "অধিনায়ক রোস্টন চেজ আমাকে এসে শুধু বলেছিলেন অনুশাসনে থেকে বল সঠিক জায়গায় রেখে দলক সাফল্য এনে দিতে। বল খানিকটা মুভ করছিল, আর আমি তার ফল পেয়েছি। অধিনায়ক বা দল যখনই আমার হাতে বল দেয়, আমি পরিস্থিতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। ক্যারিয়ারের প্রথম ফাইফার পেয়ে দারুণ লাগছে, তবে ম্যাচে এখনো অনেক কাজ বাকি।"
গ্রিভসের বিধ্বংসী স্পেলের সুবাদে ২৯ রানের লিড পেলেও তৃতীয় দিনের খেলা শেষে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ১২৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছে তারা। বর্তমানে ১৫৫ রানে এগিয়ে থাকা ক্যারিবীয়দের হয়ে চতুর্থ দিনে লড়াই চালিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন শামার জোসেফ (২২*) ও কেমার রোচ (৫*)।




