শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইতিহাস বলছে ফাইনালে হারবে আর্জেন্টিনা, কারণ জেনে নিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

ইতিহাস বলছে ফাইনালে হারবে আর্জেন্টিনা, জেনে নিন

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার সাফল্যের গল্প যেমন গৌরবময়, তেমনি জুলাই মাসের ফাইনাল তাদের জন্য বারবার বয়ে এনেছে হতাশা। ইতিহাসের সেই অপূর্ণ অধ্যায় এবার নতুন করে লেখার সুযোগ পেয়েছে আলবিসেলেস্তেরা। স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে তাই শুধু শিরোপা জয়ের লক্ষ্য নয়, দীর্ঘদিনের এক অস্বস্তিকর পরিসংখ্যান বদলে দেওয়ার চ্যালেঞ্জও অপেক্ষা করছে লিওনেল মেসিদের সামনে।

বাংলাদেশ সময় ২০ জুলাই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী দল স্পেন।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রথম শিরোপা আসে ১৯৭৮ সালে, নিজেদের মাটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে। সেই ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ২৫ জুন। এরপর ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, আর সেই ম্যাচও হয়েছিল জুনের ২৯ তারিখে। সর্বশেষ ২০২২ সালে কাতারে লিওনেল মেসির নেতৃত্বে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় দলটি। কাতারের আবহাওয়ার কারণে সেই আসর হয়েছিল ডিসেম্বর মাসে।

তবে জুলাই মাসের বিশ্বকাপ ফাইনালের স্মৃতি আর্জেন্টিনার জন্য একেবারেই সুখকর নয়। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালে ৩০ জুলাই স্বাগতিক উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে তারা। এরপর ১৯৯০ সালের ৮ জুলাই ম্যারাডোনার নেতৃত্বাধীন দল পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে আবারও হতাশ হয়।

জুলাইয়ের আরেকটি বেদনাদায়ক স্মৃতি জড়িয়ে আছে লিওনেল মেসির ক্যারিয়ারের সঙ্গে। ২০১৪ সালের ১৩ জুলাই ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। সেই পরাজয় এখনও দেশটির ফুটবল সমর্থকদের অন্যতম বড় আক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

এবারের বিশ্বকাপ ফাইনালও অনুষ্ঠিত হচ্ছে জুলাই মাসে। ফলে ইতিহাসের সেই নেতিবাচক পরিসংখ্যান আবারও আলোচনায় এসেছে। তবে আর্জেন্টিনার সামনে এবার সুযোগ রয়েছে অতীতের সব হতাশা ভুলে নতুন ইতিহাস গড়ার।

স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়বে। একই সঙ্গে জুলাই মাসে বিশ্বকাপ ফাইনালে কখনো চ্যাম্পিয়ন হতে না পারার রেকর্ডও ভেঙে যাবে। সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসির জন্যও এটি হতে পারে ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অর্জন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর