উত্তর আমেরিকায় ইতিহাসের সবচেয়ে বড় ৪৮ দলের মহাযজ্ঞ এখন গুটিয়ে এসেছে মাত্র ৮টি দলে। কোয়ার্টার ফাইনালের মঞ্চ চূড়ান্ত হওয়ার সাথে সাথে দলগুলোর জন্য ভুল করার সমস্ত সুযোগও শেষ হয়ে এসেছে। শেষ আটের এই লড়াইয়ে একদিকে যেমন থাকছে হেভিওয়েট দ্বৈরথ আর প্রতিশোধের গল্প, অন্যদিকে থাকছে আন্ডারডগদের স্বপ্নযাত্রা। কেউ কেউ দাপটের সাথে নকআউটের বৈতরণী পার করলেও, অন্য দলগুলো টিকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে।
কোয়ার্টার ফাইনালের বিগ ম্যাচের উত্তাপের মাঝেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশ করেছে দলগুলোর সর্বশেষ আন্তর্জাতিক র্যাংকিং। যেখানে শেষ আটের দলগুলোর শক্তিমত্তার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর সিংহাসন দখল করেছিল দিদিয়ের দেশমের ফ্রান্স। রাউন্ড অব ১৬-র ম্যাচে প্যারাগুয়ের ইস্পাতকঠিন ডিফেন্সের সামনে কিলিয়ান এমবাপের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেলেও শীর্ষস্থান ধরে রেখেছে ব্লুজরা।
অন্যদিকে, বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে রয়েছে দ্বিতীয় স্থানে। মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ১৪ মিনিটের যে অতিমানবীয় কামব্যাক করে তারা ৩-২ ব্যবধানে জিতেছে, তা তাদের টুর্নামেন্টে টিকিয়ে রাখলেও র্যাংকিংয়ের চূড়ায় ফেরার জন্য যথেষ্ট ছিল না।
শেষ আটে জায়গা করে নেওয়া ৮টি দলের মধ্যে ৬টি দলই বিশ্ব র্যাংকিংয়ের সেরা দশে অবস্থান করছে, যা প্রমাণ করে এবারের কোয়ার্টার ফাইনালে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।
এক নজরে কোয়ার্টার ফাইনালিস্টদের ফিফা র্যাংকিং:
| অবস্থান / র্যাঙ্কিং | দেশ | কাদের হারিয়ে কোয়ার্টারে উঠেছে |
| ১ নম্বর | ফ্রান্স | প্যারাগুয়েকে (১-০) হারিয়ে কোয়ার্টারে |
| ২ নম্বর | আর্জেন্টিনা | মিশরকে (৩-২) হারিয়ে কোয়ার্টারে |
| ৩ নম্বর | স্পেন | পর্তুগালকে (১-০) হারিয়ে কোয়ার্টারে |
| ৪ নম্বর | ইংল্যান্ড | মেক্সিকোকে (৩-২) হারিয়ে কোয়ার্টারে |
| ৬ নম্বর | মরক্কো | কানাডাকে (৩-০) হারিয়ে কোয়ার্টারে |
| ৮ নম্বর | বেলজিয়াম | যুক্তরাষ্ট্রকে হারিয়ে (৪-১) কোয়ার্টারে |
| ১৪ নম্বর | সুইজারল্যান্ড | কলম্বিয়াকে টাইব্রেকারে (৪-৩) হারিয়ে কোয়ার্টারে |
| ১৯ নম্বর | নরওয়ে | ব্রাজিলকে (২-১) হারিয়ে কোয়ার্টারে |
কোয়ার্টারে ফাইনালে খেলা দুইটি দলই কেবল শীর্ষ দশের বাইরে অবস্থান করছে। সুইজারল্যান্ড আছে র্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে। আর ব্রাজিলকে বিদায় করে টিকিট নিশ্চিত করা নরওয়ে আছে ১৯ নম্বরে।
আফ্রিকান কাপ অব নেশনস চ্যাম্পিয়ন মরক্কো ফুটবল ইতিহাসের প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার অনন্য রেকর্ড গড়েছে। এই রূপকথার পথ ধরে তারা র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে।
স্পেন প্রথমদিকের নড়বড়ে অবস্থা কাটিয়ে এখন সম্পূর্ণ ছন্দে রয়েছে। পাশাপাশি বেলজিয়াম ও ব্রাজিলের ঘাতক এরলিং হালান্ডের নরওয়ে এখন টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট। থ্রি লায়ন্স বা ইংল্যান্ডও চাপের মুখে নিজেদের সেরাটা দিয়ে শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে। এখন দেখার বিষয়, এই আট পরাশক্তির মধ্যে কোন চার দল সেমিফাইনালের টিকিট কাটতে পারে।




