ভেনেজুয়েলার ভূমিকম্প শুধু ভবনই ধ্বংস করেনি, অসংখ্য পরিবারের স্বপ্নও মুহূর্তেই ভেঙে দিয়েছে। সেই ধ্বংসস্তূপের মধ্যেই উঠে এসেছে এক মায়ের অবিশ্বাস্য আত্মত্যাগের গল্প। নিজের ছোট্ট মেয়েকে বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রেখে প্রাণ হারিয়েছেন এক ভেনেজুয়েলান মা। তার এই ত্যাগের ঘটনা দেশজুড়ে গভীর শোকের সৃষ্টি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাণ হারানো এই মায়ের নাম আন্দ্রেয়া। তিনি ভেনিজুয়েলার পরিচিত ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী। ভয়াবহ এই দুর্যোগে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের শিশুকন্যাকে জীবিত উদ্ধার করা গেলেও, পরম মমতায় তাকে আগলে রাখা মা আন্দ্রেয়াকে আর বাঁচানো যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রী হারানোর এই নিদারুণ শোক ও অসহায়ত্ব প্রকাশ করেছেন বেলো। তিনি লেখেন, 'আমার ভালোবাসা, আমি একদিন আমাদের মেয়েকে তোমার এই বীরত্বের গল্প শোনাব। আমি তাকে বলব, কীভাবে তুমি তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছ। শেষ নিশ্বাস পর্যন্ত তুমি তাকে একটুও আঁচড় লাগতে দাওনি।'
আরেকটি পোস্টে এই ফুটবলারের তীব্র হাহাকার ফুটে ওঠে। তিনি লেখেন, 'আমি কীভাবে আমাদের মেয়েকে বোঝাব যে, তার প্রাণ বাঁচাতে গিয়ে তুমি আজ নেই! আর সেই ভয়ংকর মুহূর্তে আমি তোমাদের পাশে থাকতে পারিনি। আমি কীভাবে তাকে এই কথাগুলো বলব? ঈশ্বর, আমাকে সহ্য করার শক্তি দাও।'
রাজধানী কারাকাসে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেলো। তিনি জানিয়েছেন, তার মেয়ে এবং শিশুটির খালা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা শারীরিক দিক থেকে সুস্থ থাকলেও এখনই তাদের হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। এই দুঃসময়ে যারা পাশে দাঁড়িয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ফুটবলার।
উল্লেখ্য, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ অনেককে খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।




