ফুটবল তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে যে, বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা নাকি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। গুঞ্জন উঠেছে, তার বাবা গোপনে রাফিনহার ইমেজ রাইটস বা ব্র্যান্ড স্বত্বের আয়ের ৮০ শতাংশ নিজের কাছে সরিয়ে নিয়েছেন, যার ফলে এই তারকা খেলোয়াড় কার্যত দেউলিয়া হওয়ার পথে। কিন্তু এই খবরটি কতটা সত্য?
মূলত ব্রাজিলের বিনোদন সাংবাদিক লিও ডায়াসের একটি প্রতিবেদন থেকে এই খবরের উৎপত্তি। ওই প্রতিবেদনে দাবি করা হয়, রাফিনহা এবং তার স্ত্রী যখন একটি বিলাসবহুল বাড়ি কেনার পরিকল্পনা করছিলেন, তখন তারা জানতে পারেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যাশিত অর্থ নেই। এরপরই বেরিয়ে আসে যে, রাফিনহার বাবা তার ইমেজ রাইটস থেকে উপার্জিত অর্থের একটি বড় অংশ সরিয়ে নিয়েছেন।
এই তথ্য দাবাললের মতো ছড়িয়ে পড়লেও, এর পেছনে কোনো জোরালো প্রমাণ নেই। বিশ্বের নামী গণমাধ্যম যেমন ইএসপিএন বা বিবিসি স্পোর্টসের মতো কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। এছাড়া রাফিনহা নিজে বা তার কোনো প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে এমন কোনো অভিযোগ তোলেননি।
তবে রাফিনহার ক্যারিয়ারের ব্যবসায়িক ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন এসেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষ করে তার শ্বশুর বর্তমানে তার ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে বেশি যুক্ত হয়েছেন, যা থেকে পারিবারিক আলোচনার বিষয়টি আঁচ করা যায়। তবে এটি কোনোভাবেই রাফিনহার আর্থিক ধ্বংস বা দেউলিয়া হওয়ার ইঙ্গিত দেয় না।
সবচেয়ে স্পষ্ট জবাব দিয়েছেন রাফিনহার স্ত্রী নাতালিয়া বেলোলি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি এসব খবরকে ‘হাস্যকর’ ও ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছেন।
নাতালিয়া বলেন, 'নিজের ব্যক্তিগত আর্থিক বিষয় নিয়ে এভাবে কথা বলতে হওয়াটা সত্যিই অদ্ভুত। সত্যি বলতে, রাফিনহা যা আয় করে তার মাত্র ১০ শতাংশ পেলেও আমরা অনেক সুখে থাকতাম।' তার এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে, রাফিনহার পরিবার আর্থিক কোনো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে না। এছাড়া রাফিনহার পরিবারের সদস্যরাও এসব রটনাকে মিথ্যা বলে দাবি করেছেন।
ফুটবল জগতের পরিচিত মুখ ভাম্পেতাও একটি পডকাস্টে রাফিনহার পরিবারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছিলেন, তবে তিনিও স্বীকার করেছেন যে এটি কেবলই মানুষের মুখে শোনা ‘গল্প’ বা গসিপ, কোনো প্রমাণিত সত্য নয়।




