হাইতির বিপক্ষে দাপুটে জয়ের উদযাপনের মাঝেও ব্রাজিল শিবিরে খুশির আমেজ পুরোপুরি ছড়াতে পারেনি। ৩-০ গোলে জয়ের পরও এক তারকার চোট নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। নেইমার ফিরলেও, রাফিনিয়ার অনুপস্থিতি সেলেসাওদের পরের ম্যাচকে করে তুলেছে আরও কঠিন।
ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচে ৪০ মিনিটে মাঠ ছাড়ার সময় রাফিনিয়ার চোখে জল আর কোচ কার্লো আনচেলত্তির উদ্বিগ্ন মুখ সবাই দেখেছেন। এবার নিশ্চিত খবর এসেছে, স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে না।
ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রাফিনিয়া। গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বার এমন সমস্যায় পড়লেন তিনি। আগে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেও ডান পায়ে চোট হয়েছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) নিশ্চিত করেছে যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না।
রাফিনিয়ার বিশ্বকাপ (টুর্নামেন্ট) থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হলেও ব্রাজিল ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে তেমন কিছু ঘোষণা করেনি। দলের চিকিৎসকরা তার দেখভাল করছেন এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় দলের কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো আশা প্রকাশ করে বলেছেন, 'পরীক্ষার ফল না আসা পর্যন্ত স্বাভাবিকভাবেই আমরা চিন্তিত। তবে আশা করছি বিষয়টি গুরুতর নয়। রাফিনিয়ার শারীরিক সক্ষমতা অসাধারণ। সে দ্রুতই ফিরে আসবে।'
হাইতির বিপক্ষে জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে ব্রাজিল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কো দ্বিতীয় স্থানে। স্কটল্যান্ডের পয়েন্ট ৩। আর হাইতি দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ২৫ জুন মিয়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হবে।




