শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

‘মেসি ভেতরে ভেতরে কঠিন মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:১৮ এএম

শেয়ার করুন:

‘মেসি ভেতরে ভেতরে কঠিন মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন’

গত মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করার পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে দেখা গিয়েছিল জার্সি দিয়ে চোখের পানি মুছতে। ৩৯ ছুঁইছুঁই এই মহাতারকা কেরিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক ও বিশ্বরেকর্ড ছোঁয়ার রাতে কেন এভাবে কেঁদেছিলেন, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছিল তুমুল আলোচনা। অবশেষে জানা গেল সেই কান্নার পেছনের আসল ও আবেগঘন কারণ, তা ফুটবলীয় কোনো কারণে নয়, বরং তাঁর বাবা হোর্হে মেসির হঠাৎ অসুস্থতার কারণে।

ম্যাচ শেষে নিজের অশ্রুসজল মুহূর্ত নিয়ে মেসি নিজেই মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘প্রথম গোলের পর আমার চোখে পানি? আসলে গত কয়েকটা দিন আমার খুব কঠিন কেটেছে। এর সাথে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না। সম্পূর্ণ পারিবারিক কারণে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এই কঠিন সময়ে আমাকে মানসিকভাবে সাহায্য করার জন্য আমার সতীর্থ, কোচিং স্টাফ এবং আর্জেন্টিনা দলের সবাইকে আমি ধন্যবাদ জানাই।’


বিজ্ঞাপন


হোর্হে মেসির অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার আর্জেন্টিনার কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ‘মৃত্যুর গুজব’ পর্যন্ত রটিয়ে দেওয়া হয়। এই ধরণের দায়িত্বজ্ঞানহীন ও নীতিহীন অপপ্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করে মেসির মিডিয়া অফিস থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।

Screenshot_2026-06-19_101759

বিবৃতিতে পরিবার নিশ্চিত করেছে যে, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং তাঁর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে তিনি ঠিক কী ধরণের রোগে ভুগছেন, তা প্রকাশ করা হয়নি।

মেসির পরিবার বিবৃতিতে আহ্বান জানিয়ে বলে, ‘এই ধরণের কঠিন সময়ে আমরা সবার কাছে দায়িত্বশীলতা, বিচক্ষণতা এবং মানবিকতার অনুরোধ জানাচ্ছি। একজন মানুষের স্বাস্থ্য এবং তাঁর পরিবারের মানসিক শান্তি কখনোই কোনো গুজব বা দায়িত্বজ্ঞানহীন মিডিয়া ট্রোলের বিষয়বস্তু হওয়া উচিত নয়।’


বিজ্ঞাপন


মেসি পরিবারের বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা পরিষ্কার করে জানাতে চাই যে হোর্সে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তাঁর নিকটতম পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকে প্রকাশিত নয়- এমন কোনো বক্তব্য, তথ্য বা দাবি সত্য বলে গণ্য করা উচিত নয়। এমন পরিস্থিতিতে আমরা সবাইকে দায়িত্বশীলতা, সংযম এবং মানবিকতা প্রদর্শনের আহ্বান জানাই।’

এদিকে বাবার অসুস্থতায় মেসি কঠিন মানসিক লড়াইয়ের ভেতর দিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক এদুয়ার্দো ফাইনম্যান। রেডিও মিত্রেকে তিনি বলেন, ‘মেসি তার বাবার জন্যই কেঁদেছে। জানুয়ারি থেকে তিনি অসুস্থ এবং এই সপ্তাহে তার অবস্থার আরও অবনতি হয়েছে। বিষয়টি নিয়ে মেসি ভেতরে ভেতরে কঠিন মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। অন্য সবার মতো সেও একজন মানুষ।’

মেসির ক্যারিয়ারের নেপথ্য নায়ক হোর্হে মেসি
লিওনেল মেসির ফুটবল মহাতারকা হয়ে ওঠার পেছনে তাঁর বাবা হোর্হে মেসির অবদান অনস্বীকার্য। তিনি একাধারে মেসির বাবা, এজেন্ট এবং অফ-ফিল্ড সমস্ত ব্যবসায়িক বিষয়ের ব্যবস্থাপক। ২০০০ সালের শুরুতে এই হোর্হে মেসিই ছোট্ট মেসিকে নিয়ে বার্সেলোনার যুব একাডেমি ‘লা মাসিয়া’-তে ট্রায়ালের জন্য এসেছিলেন।

পরবর্তীতে বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন, পিএসজি এবং বর্তমান ক্লাব ইন্টার মিয়ামিতে দলবদলের সমস্ত আলোচনা একাই সামলেছেন তিনি। এছাড়া মেসির ইমেজ রাইটস, রিয়েল এস্টেট, হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসার বিশাল সাম্রাজ্যও দেখভাল করেন তাঁর বাবা। ২০১৬ সালে স্পেনে ট্যাক্স ফাঁকির মামলায় দুজনেই জড়িয়ে পড়েছিলেন, তবে সাজা দুই বছরের কম হওয়ায় কাউকেই জেলে যেতে হয়নি।

বাবার অসুস্থতার কারণে কঠিন মানসিক অবস্থার মধ্য দিয়ে গেলেও, মেসি বর্তমানে কানসাস সিটিতে আর্জেন্টিনার বেস ক্যাম্পে দলের সাথেই অবস্থান করছেন। আগামী সোমবার (২২ জুন) টেক্সাসের ডালাসে গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই কঠিন সময়ে বিশ্বজুড়ে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মেসির পরিবার আপাতত হোর্হে মেসি এবং তাদের পুরো পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর