বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই এখনো শুরুর দিকেই থাকলেও শুক্রবার সকালেই জানা যেতে পারে কোন দল সবার আগে শেষ ষোলো বা নকআউট পর্বে জায়গা নিশ্চিত করছে। ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া, আর এই ম্যাচের ফলই নির্ধারণ করতে পারে টুর্নামেন্টের প্রথম নকআউট নিশ্চিত দলের নাম।
গুয়াদালাহারায় অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ফলে দ্বিতীয় ম্যাচে যে দল জিতবে, তারা ছয় পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠার খুব কাছাকাছি নয়, সরাসরি জায়গা নিশ্চিত করেই ফেলবে। এমনকি গ্রুপের শেষ ম্যাচে পরাজিত হলেও তাদের অগ্রযাত্রা থামবে না।
বিজ্ঞাপন
এদিকে ৪৮ দলের এই বিশ্বকাপে প্রথম রাউন্ডের ম্যাচগুলো প্রায় শেষ হয়েছে। সর্বশেষ দল হিসেবে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলেছে উজবেকিস্তান ও কলম্বিয়া। শিরোপাপ্রত্যাশী বেশিরভাগ দলই জয় দিয়ে যাত্রা শুরু করলেও ব্যতিক্রম ছিল স্পেন। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কেপ ভার্দের বিপক্ষে ড্র করে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে ইউরোপের শক্তিশালী দলটি। তবে নকআউটে ওঠার সুযোগ এখনো তাদের সামনে খোলা রয়েছে।
অন্যদিকে ‘বি’ গ্রুপের চিত্র একেবারেই ভিন্ন। প্রথম রাউন্ড শেষে চার দলেরই পয়েন্ট সমান থাকায় সেখানে নকআউট নিশ্চিত হওয়ার হিসাব আরও জটিল। আজ রাত ও আগামী ভোরের ম্যাচগুলোতে জয় পাওয়া দলগুলো কেবল পরের পর্বে ওঠার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে পারবে, তবে নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
বি গ্রুপে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ বসনিয়া, আর কানাডা খেলবে কাতারের বিপক্ষে। একই সময়ে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে এবং চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাওয়ায় এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।
বিশ্বকাপের শুরুতেই তাই দর্শকদের নজর এখন মেক্সিকো-দক্ষিণ কোরিয়া দ্বৈরথে। কারণ এই ম্যাচ থেকেই মিলতে পারে টুর্নামেন্টের প্রথম নকআউট নিশ্চিত দলের নাম।




