মেক্সিকোর রাজধানীর রাস্তায় ফুটবল উন্মাদনার মাঝে এক অদ্ভুত কিন্তু মন ছুঁয়ে যাওয়া দৃশ্য এখন ভাইরাল। একটি পোষা হাঁস, নাম তার মার্লিন, ছোট মেক্সিকো জার্সি আর বিশেষ বানানো মোজা পরে হেঁটে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে। আর এই সাধারণ হাঁসটাই এখন হয়ে উঠেছে দেশের বিশ্বকাপ অভিযানের এক অনানুষ্ঠানিক প্রতীক।
বিশ্বকাপে সহ-আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর রাজধানীর রাস্তায় শুরু হয় উদযাপন। ঠিক সেই সময়ই মেক্সিকো সিটির ব্যস্ত রিফর্মা অ্যাভিনিউতে ভিড়ের মাঝে দেখা যায় মার্লিনকে, তার মালিক কারলা গোমেজের সঙ্গে ঘুরে বেড়াতে।
বিজ্ঞাপন
অনেক দর্শক এই অদ্ভুত দৃশ্য মোবাইলে ধারণ করেন, আর অল্প সময়েই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মার্লিন হয়ে ওঠে অনলাইন সেনসেশন। অনেকে তাকে মেক্সিকোর ‘নতুন মাসকট’ হিসেবে দাবি করতেও শুরু করেন।

মার্লিনের মালিক কারলা গোমেজ দেশটির গণমাধ্যমে বলেন, তারা কখনোই ভাবেননি যে তাদের হাঁস এতটা জনপ্রিয় হয়ে উঠবে। তার ভাষায়,‘আমরা সাধারণভাবেই দিন কাটাচ্ছিলাম, হঠাৎ করেই দেখি মার্লিনকে সবাই চিনে ফেলছে। এটা আমাদের জন্য সত্যিই অবাক করা ঘটনা।’
তিনি আরও জানান, তারা কোনো বিতর্কে জড়াতে চান না এবং দেশের অন্যান্য প্রতীক যেমন অ্যাক্সোলটল বা ফিফার জ্যাগুয়ার; সব কিছুকেই তারা সম্মান করেন। তবে মার্লিনের এই জনপ্রিয়তায় তারা খুশি।
বিজ্ঞাপন

এখন রাস্তায় হাঁসটি ঘুরে বেড়ালে অনেকেই তার সঙ্গে সেলফি তোলে, এমনকি গরমে সে মাঝে মাঝে শহরের ফোয়ারায় পানিতে নেমে ঠান্ডাও হয়। ফুটবলের আবহে কিছুটা মজার ছোঁয়া আনতে মার্লিন সম্প্রতি একটি ‘প্রেডিকশন’ পরীক্ষাও করেছে, যেখানে সে মেক্সিকোকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বেছে নেয়। যা অনেকেই আগ্রহ নিয়ে দেখেছেন।
মেক্সিকো এখন গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, আর তার আগেই এই হাঁসটি হয়ে গেছে ভক্তদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু।




