বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনা ও ব্রাজিলের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা ও ব্রাজিলের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

বিশ্বকাপে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে ঝলমলে পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি, যার মাধ্যমে তিনি গড়ে ফেলেন একাধিক নতুন রেকর্ডও। এই জয়ের মধ্য দিয়ে শিরোপা ধরে রাখার মিশনটা আত্মবিশ্বাসের সঙ্গেই শুরু করেছে আকাশী-সাদারা।

গ্রুপ পর্বে এখন তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। আগামী ২২ জুন গ্রুপ ‘জে’-র গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই লড়াইকে ধরা হচ্ছে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচ হিসেবে। অস্ট্রিয়া তাদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও তারা আত্মঘাতী গোল ও মার্কো আর্নাতোভিচের গোলের সুবাদে সহজ জয় তুলে নেয়।


বিজ্ঞাপন


আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে ২৭ জুন, যেখানে প্রতিপক্ষ জর্ডান। তবে তার আগে অস্ট্রিয়ার বিপক্ষেই মূল পরীক্ষায় নামতে হবে মেসিদের।

অন্যদিকে, বিশ্বকাপের আরেক বড় দল ব্রাজিল প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি। সি গ্রুপে নিজেদের উদ্বোধনী ম্যাচে তারা মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে। যদিও ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল, পরে সমতা ফেরাতে সক্ষম হয় সেলেসাওরা।

গ্রুপের অন্য দুই দল হাইতি ও স্কটল্যান্ড তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় ব্রাজিলের জন্য পরবর্তী ধাপে যাওয়ার পথ এখনও সহজই বলা যায়। ইতিমধ্যে এই দুই দলও নিজেদের ম্যাচে মাঠে নেমেছে।

পরবর্তী ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে হাইতির বিপক্ষে, আগামী ২০ জুন ভোর সাড়ে ৬টায়। এরপর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে এই দুই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়াই এখন সেলেসাওদের মূল লক্ষ্য।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর