বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার

বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের দাপুটে জয় উপহার দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে নিজের নাম লিখিয়েছেন তিনি। তবে ম্যাচ শেষে আলোচনার বড় অংশজুড়ে ছিল না তার গোল কিংবা রেকর্ড; বরং বিতর্কের জন্ম দিয়েছে একটি ট্যাকলের ঘটনা। 

আলজেরিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্ডি অভিযোগ করেছেন, ম্যাচের মাঝামাঝি সময়ে মেসির একটি স্টাডস-আপ ট্যাকলের শিকার হলেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। এমনকি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ঘটনাটি পর্যবেক্ষণ করার পরও আর্জেন্টাইন অধিনায়ককে কার্ড দেখানো হয়নি। এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন তিনি।


বিজ্ঞাপন


মান্দি লিখেছেন, “গত রাতে আমার গোড়ালি ভেঙে গেলেও সম্ভবত যে খেলোয়াড় এটি করেছে, সে কোনো কার্ড পেত না। রেফারিদের আরও দায়িত্বশীল হতে হবে, কারণ পুরো বিশ্বের নজর তাদের ওপর।” 

ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি সাইমন মার্চিনিয়া। তার সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যে ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। একাংশের মতে, মেসির ট্যাকলটি অন্তত হলুদ কার্ড পাওয়ার মতো ছিল। অন্যদিকে অনেকেই মনে করছেন, ঘটনাটি খেলার স্বাভাবিক অংশ এবং রেফারির সিদ্ধান্ত অযৌক্তিক ছিল না। 

এদিকে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচ ম্যাচ শেষে স্বীকার করেছেন, দলের কয়েকটি ভুলের সুযোগ নিয়েই মেসি ম্যাচে প্রভাব বিস্তার করেছেন। তবে বিতর্কিত ট্যাকল প্রসঙ্গে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর