বিশ্বকাপের শুরুতেই যারা ফেভারিটদের ওপর বাজি ধরেছিলেন, মঙ্গলবার দিবাগত রাতে তারা নিশ্চিতভাবেই পরম তৃপ্তি পেয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোতেই যেন গোল উৎসবের মেতে উঠলেন ফুটবল বিশ্বের তিন মহাতারকা। আর্জেন্টিনার লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিক, আর ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ডের জোড়া গোল- সব মিলিয়ে এক রাজকীয় অভিজ্ঞতা উপভোগ করল ফুটবলবিশ্ব।
অথচ টুর্নামেন্ট শুরুর আগে এমনটা মোটেও অনুমেয় ছিল না। ২০২৩ সালে আমেরিকান লিগ এমএলএস-এ যোগ দেওয়া ৩৯ ছুঁইছুঁই মেসি ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। অন্যদিকে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের মাঝ মৌসুমে ফর্ম হারিয়েছিলেন হলান্ড, আর রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার দ্বিতীয় পর্বেও নিজের চেনা ছন্দে ছিলেন না এমবাপে। কিন্তু বিশ্বমঞ্চের শুরুতেই সব সংশয় উড়িয়ে দিয়ে নিজেদের গোলমেশিন রূপটাই দেখালেন তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন- বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের ম্যাচে যত রেকর্ড
আরও পড়ুন- সেনেগালের বিপক্ষে জোড়া গোলে ইতিহাস গড়লেন এমবাপে
সেনেগালের বিপক্ষে ম্যাচে প্রথম দুই-তৃতীয়াংশ সময় বেশ ধুঁকছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। মাঠে আফ্রিকান পরাশক্তিরাই বেশি গতিময় ও আক্রমণাত্মক ফুটবল খেলছিল। তবে শেষ ভাগে এসে ম্যাচের চিত্রনাট্য একাই বদলে দেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর বুলেট গতির দ্বিতীয় গোলটি ফ্রান্সকে ৩-১ ব্যবধানের জয় এনে দেওয়ার পাশাপাশি তাঁকে বসিয়ে দিয়েছে ফরাসি ফুটবলের অনন্য এক চূড়ায়। মাত্র ২৭ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে ৫৮ গোল করে অলিভিয়ের জিরুকে টপকে এমবাপে এখন ফ্রান্সের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
অন্যদিকে, ক্লাবের হয়ে গোলখরায় ভোগা হলান্ড নরওয়ের হয়ে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই দেখিয়েছেন তাঁর চেনা ‘শিকারি’ রূপ। ইরাকের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে জোড়া গোল করে দলকে ৪-১ ব্যবধানের বিশাল জয় এনে দেন এই সিটি স্ট্রাইকার।
বিজ্ঞাপন
তবে মঙ্গলবারের সব আলো একাই কেড়ে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক তুলে নিয়ে তিনি প্রমাণ করেছেন কেন তাঁকে এখনো এই গ্রহের সেরা ফুটবলার বলা হয়।
নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচেই ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর।




