মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

মেসিদের হারানো রেনার্ডকে কোচ নিয়োগ দিয়ে তিউনিসিয়ার চমক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

মেসিদের হারানো রেনার্ডকে কোচ নিয়োগ দিয়ে তিউনিসিয়ার চমক

২০২৬ ফিফা বিশ্বকাপে সুইডেনের কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বড়সড় অ্যাকশন নিল তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। তিউনিসিয়া দলের প্রধান কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করে তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফ্রেঞ্চ মাস্টারমাইন্ড হার্ভে রেনার্ডকে। সোমবার (১৫ জুন) দেশটির জাতীয় টেলিভিশনে এক জরুরি ঘোষণায় ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্বফুটবলে হার্ভে রেনার্ড নামটি কোনো সাধারণ নাম নয়, বিশেষ করে বড় টুর্নামেন্টে ‘জায়ান্ট কিলিং’ বা চমক দেখানোর জন্য তিনি বিশ্বখ্যাত। ২০২২ কাতার বিশ্বকাপে তাঁর অধীনেই সবাইকে স্তব্ধ করে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল সৌদি আরব।


বিজ্ঞাপন


সৌদি আরবের সেই ঐতিহাসিক অধ্যায়ের পর রেনার্ড ফ্রান্সের নারী জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব সামলান। এবার আরও একবার পুরুষ ফুটবলের মহাবিশ্বমঞ্চে জাদুকরী কিছু করার মিশনে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার দায়িত্ব নিলেন তিনি। তিউনিসিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি মোয়েজ নাসারি এক বিবৃতিতে জানান, ‘ফ্রেঞ্চ কোচ হার্ভে রেনার্ডের সাথে আমাদের অফিশিয়াল চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত তিউনিসিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।’

সাবেক ফ্রেঞ্চ আন্তর্জাতিক তারকা সাব্রি লামুশি মাত্র চলতি বছরের জানুয়ারি মাসে তিউনিসিয়ার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু তাঁর অধীনে বিশ্বকাপে দলের প্রথম ম্যাচের পারফরম্যান্স এবং রক্ষণভাগের এমন হুড়মুড়িয়ে ভেঙে পড়া মেনে নিতে পারেনি তিউনিসিয়ান বোর্ড।

সুইডেনের কাছে এই বড় হারের পর তিউনিসিয়ার জন্য বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার রাস্তাটা এখন বেশ কঠিন। তবে রেনার্ডের মতো একজন হাই-প্রোফাইল মোটিভেটর আসায় তিউনিসিয়ান শিবিরে নতুন আশার আলো দেখছেন সমর্থকেরা।

গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়ার পরবর্তী ম্যাচ আগামী শনিবার (২০ জুন) শক্তিশালী জাপানের বিপক্ষে। মনত্রের সেই দুঃস্বপ্ন ভুলে নতুন ফ্রেঞ্চ কোচের অধীনে তিউনিসিয়া কামব্যাক করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর