ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে বিশ্ব। উত্তর আমেরিকায় শুরু হওয়া ৪৮ দলের এই টুর্নামেন্ট ইতোমধ্যেই বেশ কিছু টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে। শিরোপার লড়াইয়ে নিজের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ব্যস্ত সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপে কে কোন দলের সমর্থক তা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নাই। এরমধ্যে জানা গেলো প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলকে সমর্থন করেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী। এ সময় ফুটবল বিশ্বকাপে তিনি কোন দেশের সমর্থক—এমন প্রশ্নের জবাবে সরাসরি দলের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্বকাপে কোন দলের সমর্থন করছেন তিনি।
বিজ্ঞাপন
বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে চলতি ফুটবল বিশ্বকাপের মৌসুম নিয়ে আলোচনা উঠলে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, তিনি আসলে কোন দলের সমর্থক।
এর জবাবে মুখে মৃদু হাসি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘অনেক দিন একটা দেশে ছিলাম তো।’
প্রধানমন্ত্রী সরাসরি ইংল্যান্ডের প্রতি সমর্থনের বিষয়টি না জানালেও তাঁর দীর্ঘ নির্বাসিত জীবনের প্রেক্ষাপটে সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিরা এটিকে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তাঁর সমর্থন হিসেবেই ধরে নিয়েছেন। রাজনৈতিক ও আইনি বাধ্যবাধকতার কারণে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন তারেক রহমান।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর পর তিনি দেশে ফিরে আসেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি, সরকারের শীর্ষ দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।
বিজ্ঞাপন
যেহেতু জীবনের লম্বা একটি সময় পরিবার নিয়ে তিনি যুক্তরাজ্যে বসবাস করেছেন, এ কারণেই দেশটির প্রতি এবং দেশটির ফুটবল সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রীর ভালো লাগা তৈরি হয়েছে বলেই ধারণা করছেন সবাই। এ কারণেই তিনি বিশ্বকাপে ‘থ্রি লায়নস’দের প্রতি সমর্থন করছেন বলে ধারণা করছেন সবাই।




