মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

বিশ্বকাপে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

বিশ্বকাপে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শুরু হয়েছিল ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে। তবে অভিষেকটা ছিল দুঃস্বপ্নের মতো। বদলি হিসেবে নেমে মাত্র কয়েক মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। সেই ব্যর্থ শুরুর পরও অদম্য পরিশ্রম আর প্রতিভায় নিজেকে বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন করে তুলেছেন তিনি।

এই মহাতারকা এবার দাঁড়িয়ে আছে নতুন এক মাইলফলকের সামনে। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়বেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পরও যেন থেমে নেই তার অসাধারণ যাত্রা।


বিজ্ঞাপন


এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৯ ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৪টি গোল। প্রায় ১৬ হাজার ৩৮০ মিনিট মাঠে কাটিয়ে জিতেছেন ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার- ২০২২ সালের বিশ্বকাপ। এছাড়া দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা শিরোপাও রয়েছে তাঁর ঝুলিতে।

সাফল্যের পথ কখনো মসৃণ ছিল না। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুই কোপা আমেরিকার ফাইনালে হারের তীব্র হতাশা সইতে হয়েছে তাঁকে। অনেকে তখন প্রশ্ন তুলেছিলেন, মেসি কি জাতীয় দলের সঙ্গে কখনো বড় শিরোপা জিততে পারবেন? ২০২২ সালের কাতার বিশ্বকাপে অসাধারণ নেতৃত্ব ও পারফরম্যান্স দিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে তিনি খেলেছেন ৭২ ম্যাচে, করেছেন ৩৬ গোল ও ১৪ অ্যাসিস্ট। বিশ্বকাপে খেলেছেন ২৬টি এবং কোপা আমেরিকায় ৩৯টি ম্যাচ। এই সংখ্যাগুলোই বলে দেয়, আর্জেন্টিনার জার্সিতে তাঁর অবদান কতটা বিশাল।

বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে (২২৮ ম্যাচ)। মেসি ২০০ ম্যাচের মাইলফলকে পৌঁছালে তিনি হবেন বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি অর্জনকারী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর