সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

১৯ বছর আগে ৭ গোলের সাক্ষী আর্জেন্টিনা-আলজেরিয়া, এবার কী অপেক্ষা করছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

১৯ বছর আগে ৭ গোলের সাক্ষী আর্জেন্টিনা-আলজেরিয়া, এবার কী অপেক্ষা করছে

ক্যাম্প ন্যুর সবুজ ঘাসে তখন ঝাঁকড়া চুলের এক তরুণের পায়ে জাদুর ছোঁয়া লাগতে শুরু করেছে। ২০০৭ সালের ৫ জুন, স্পেনের ঐতিহ্যবাহী স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সেদিন অভিজ্ঞ তারকাদের সঙ্গে প্রথমবারের মতো বড় মঞ্চে ঝলক দেখাচ্ছিলেন লিওনেল মেসি।

১৯ বছর পর, সেই মেসিই একমাত্র সেতু। আর কোনো প্রীতি ম্যাচ নয়। ২০২৬ বিশ্বকাপের মঞ্চে আসল লড়াই। বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার লড়াকু দল আলজেরিয়া।


বিজ্ঞাপন


দুই দলের মধ্যে এটি মাত্র দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম দেখাতেই ফুটবলপ্রেমীরা পেয়েছিলেন গোলের উৎসব ও রোমাঞ্চকর লড়াই।

আলফিও বাসিলের আর্জেন্টিনা সেদিন মাঠে নামিয়েছিল শক্তিশালী একাদশ নিয়ে। গোলে আবোনদানসিয়েরি, রক্ষণে গ্যাব্রিয়েল মিলিতো, রবার্তো আয়ালা, বুরদিসো ও পিনোলা। মাঝমাঠ সামলাচ্ছিলেন জাভিয়ের জানেত্তি, ফার্নান্দো গাগো ও এস্তেবান ক্যাম্বিয়াসো। আক্রমণে ছিলেন কার্লোস তেভেজ, দিয়েগো মিলিতো ও লিওনেল মেসি।

ম্যাচের মাত্র দেড় মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তেভেজ। কিন্তু আলজেরিয়া দ্রুত জবাব দেয়। মাত্র ৯ মিনিট পর আনথার ইয়াহিয়ার গোলে সমতা। প্রথমার্ধের শেষ দিকে মাজিদ বুঘেরার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকানরা।

তবে বিরতির পর ঝাঁকড়া চুলের তরুণ মেসির জাদু শুরু হয়। মাত্র তিন মিনিটের ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচ ঘুরিয়ে দেয়। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মেসি, ঠিক পরের মিনিটে ক্যাম্বিয়াসো এগিয়ে দেন দলকে। ৭৩ মিনিটে মেসির দ্বিতীয় গোলে ব্যবধান হয় ৪-২। শেষদিকে বেলহাদজ একটি গোল শোধ করেন, কিন্তু ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।


বিজ্ঞাপন


এবার বিশ্বকাপে সেই একই দুই দল আবার লড়বে। লিওনেল স্কালোনির শিষ্যরা চাইবেন শিরোপা ধরে রাখার অভিযানটা জয় দিয়ে শুরু করতে। অন্যদিকে ‘মরুভূমির শিয়াল’ খ্যাত আলজেরিয়া তাদের দ্রুতগতির আক্রমণ ও কাউন্টার অ্যাটাকে বড় চমক দিতে প্রস্তুত।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর