সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

নেদারল্যান্ডস ম্যাচের পরও স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপান সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

নেদারল্যান্ডস ম্যাচের পরও স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপান সমর্থকরা

মাঠের লড়াইয়ে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুই দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলের মহানাটকীয় ড্র। কিন্তু ম্যাচ শেষের পর টেক্সাসের আর্লিংটনের ‘এটিঅ্যান্ডটি স্টেডিয়াম’ সাক্ষী হলো সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যের। যেখানে ফুটবলবিশ্ব সাধারণত উন্মাতাল উদযাপন কিংবা হারের হতাশায় বোতল-কাগজ ফেলে মাঠ নোংরা করে চলে যায়, সেখানে জাপানের সমর্থকেরা বরাবরের মতোই তাদের ঐতিহ্যবাহী শৃঙ্খলা, বিনম্রতা এবং দায়িত্ববোধের এক অনন্য নজির স্থাপন করলেন।

ম্যাচের শেষ বাঁশি বাজার দীর্ঘক্ষণ পর, যখন গ্যালারির অন্য প্রান্তের দর্শকেরা চলে গেছেন, তখন নীল জার্সি পরা জাপানি সমর্থকেরা বড় বড় প্লাস্টিক ব্যাগ হাতে নেমে পড়েন পুরো স্টেডিয়াম পরিষ্কার করতে। গ্যালারির আসনগুলোর নিচে পড়ে থাকা পানির বোতল, চিপসের প্যাকেট ও ময়লা-আবর্জনা কুড়িয়ে তারা পুরো স্টেডিয়ামকে ঝকঝকে তকতকে করে তবেই মাঠ ছাড়েন।


বিজ্ঞাপন


এর আগে রোববারের (১৪ জুন) এই হাই-ভোল্টেজ ম্যাচে গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দুই দল মাঠের লড়াইয়ে একে অপরকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। তুলনামূলক শক্তিশালী ও র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা ডাচদের বিপক্ষে ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে কামব্যাক করে জাপান। ম্যাচের শেষভাগে কোকি ওগাওয়ার একটি চমৎকার হেড রক্ষণভাগে প্রতিহত হয়ে ফিরে আসলে, সেখানে চিতার ক্ষিপ্রতায় বল নিয়ন্ত্রণে নিয়ে জাপানের পক্ষে মহামূল্যবান সমতাসূচক গোলটি করেন তারকা মিডফিল্ডার দাইচি কামাদা। ম্যাচটি ড্র হলেও জাপানিদের এই লড়াকু প্রত্যাবর্তনের কারণে এটি তাদের কাছে জয়ের মতোই আনন্দ এনে দিয়েছে।

বিশ্বমঞ্চে জাপানি সমর্থকদের এমন স্টেডিয়াম পরিষ্কার করার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নিজেদের দল হেরে যাওয়ার পরও কাঁদতে কাঁদতে জাপানিদের গ্যালারি পরিষ্কার করার দৃশ্য বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। ২০২২ কাতার বিশ্বকাপেও জার্মানি ও স্পেনের মতো ফুটবল পরাশক্তিদের হারানোর পরও তারা স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে আন্তর্জাতিক ফুটবল মহলের প্রশংসা কুড়িয়েছিল।

জাপানের সাবেক কোচ হাজিমে মোরিয়াসু একবার এই সংস্কৃতির ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, এটি ক্যামেরার সামনে বাহবা নেওয়ার কোনো নাটক বা পারফরম্যান্স নয়। জাপানি সমাজে এটি অত্যন্ত স্বাভাবিক একটি সামাজিক নিয়ম - যেকোনো গণপরিসর বা পাবলিক প্লেস ব্যবহারের পর তা আগের চেয়েও পরিষ্কার করে রেখে যাওয়া তাদের মজ্জাগত শিক্ষা।

এদিন স্টেডিয়ামের গ্যালারিতে ফক্স স্পোর্টসের মিডিয়া ভূমিকায় উপস্থিত ছিলেন বিখ্যাত এনএফএল কোয়ার্টারব্যাক জেমিস উইনস্টন। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে জাপানি ও ডাচ সমর্থকদের সাথে স্লোগানে মেতে ওঠার পাশাপাশি ম্যাচ শেষে জাপানি সমর্থকদের এই নীরব পরিচ্ছন্নতা অভিযান খুব কাছ থেকে দেখেন তিনি এবং তাদের এই নিয়মানুবর্তিতা দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর