২০২৬ বিশ্বকাপের ‘ই’ গ্রুপে আজ (রবিবার) রাতে মাঠে নামছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল জার্মানি এবং বিশ্বকাপের নবাগত কুরাসাও। যুক্তরাষ্ট্রের শহরে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।
পঞ্চম বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে এসেছে জার্মানি। কোচ হুলিয়ান নাগেলসমানের অধীনে দলটি সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে তারা ফিনল্যান্ড ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। পাশাপাশি গত বছরের সেপ্টেম্বর থেকে জার্মানদের অপরাজিত যাত্রাও অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
তবে সাম্প্রতিক বিশ্বকাপের স্মৃতি জার্মান সমর্থকদের জন্য খুব সুখকর নয়। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। তাই এবার প্রথম লক্ষ্য থাকবে নকআউট পর্ব নিশ্চিত করা, এরপর শিরোপার পথে এগিয়ে যাওয়া।
অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়া কুরাসাও নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ খেলতে যাচ্ছে। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে তাদের র্যাঙ্কিংও সবচেয়ে নিচের দিকের। টুর্নামেন্টের আগে কোচ পরিবর্তনের কারণে কিছুটা অস্থিরতা দেখা দিলেও অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাট আবার দায়িত্ব নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন। ৭৮ বছর বয়সী এই কোচ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবেও নতুন নজির গড়তে যাচ্ছেন।
চলতি বছরে কুরাসাও খুব বেশি হারের মুখ দেখেনি। মাত্র তিনটি ম্যাচে পরাজিত হওয়ায় দলটির আত্মবিশ্বাসও বেশ উঁচুতে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হলেও তারা চমক দেখানোর আশায় মাঠে নামবে।
দুই দলের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, জার্মানি ও কুরাসাও এর আগে কখনও মুখোমুখি হয়নি। ফলে আজকের ম্যাচই হবে তাদের প্রথম সাক্ষাৎ। তবে পরিসংখ্যানের বিচারে এগিয়ে জার্মানরাই। বিশ্বকাপে আমেরিকা মহাদেশের দলগুলোর বিপক্ষে নিজেদের শেষ ১৭ ম্যাচে ১৪টি জয় পেয়েছে তারা। বাকি ম্যাচগুলোর মধ্যে একটি ড্র এবং দুটি হার।
বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা ( Germany vs. Curacao live watch )। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা।
এছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে। খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।




