রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

‘বিশ্বকাপ প্রথম ম্যাচেই জেতা যায় না’- ড্রয়ের পর বললেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

‘বিশ্বকাপ প্রথম ম্যাচেই জেতা যায় না’- ড্রয়ের পর বললেন ব্রাজিল কোচ

২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ ৪৮ বছর পর বিশ্বমঞ্চের প্রথম ম্যাচে সেলেসাওদের এমন পয়েন্ট ভাগাভাগির পর স্বাভাবিকভাবেই চারদিকে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে এই হোঁচটে বিন্দুমাত্র ভেঙে পড়েননি ব্রাজিলের ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের ভুলগুলো যেমন অকপটে স্বীকার করেছেন, তেমনি সমালোচকদের জবাব দিয়ে খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এই রিয়াল মাদ্রিদ সাবেক বস। একই সাথে মনে করিয়ে দিয়েছেন, টুর্নামেন্টের শুরুতেই সব শেষ হয়ে যায়নি।


বিজ্ঞাপন


ম্যাচে দলের পারফরম্যান্স এবং প্রথমার্ধের ভুলগুলো নিয়ে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, ভারসাম্যে কিছু সমস্যা ছিল। অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। এই জায়গাগুলোয় আমাদের উন্নতি করতে হবে।’

তবে দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে ইতিবাচক দিকই বেশি দেখছেন কোচ। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, আত্মবিশ্বাস হারানো যাবে না। প্রথম ম্যাচের পর আমরা ভাবতে পারি না যে দলটি নিখুঁত। এই ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।’

দলের নতুন একাদশ ও কিছু পরীক্ষা-নিরীক্ষার কারণে খেলোয়াড়দের মাঝে যে কিছুটা জড়তা ছিল, তা স্বীকার করে নিয়ে আনচেলত্তি যোগ করেন, ‘আমার মনে হয় প্রথমার্ধটা কঠিন ছিল। দল কিছুটা স্নায়ুচাপে ভুগেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচটাও ছিল কঠিন। তবে আমি বিশ্বাস করি, পরের ম্যাচে দল আরও উন্নতি করবে।’

নেইমারহীন এই ব্রাজিলের লড়াকু মানসিকতার প্রশংসা করে পরবর্তী ম্যাচের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘দল শেষ মিনিট পর্যন্ত লড়েছে। ইতিবাচক বিষয় হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে, সেটা এখন পরিষ্কার। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণভাগে আরও আগ্রাসী দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’


বিজ্ঞাপন


ব্রাজিলিয়ান ফুটবল পণ্ডিত ও সমর্থকদের সমালোচনাকে স্বাগত জানিয়ে এই অভিজ্ঞ কোচ স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি এককভাবে কোনো নির্দিষ্ট ফুটবলারের ওপর দায় চাপাতে রাজি নন। আনচেলত্তির ভাষায়, ‘আপনাকে অবশ্যই সমালোচনা মেনে নিতে হবে, যখন দল ভালো খেলতে পারে না। আমি ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ের সমালোচনা করি না, সমালোচনা পুরো দলের। কারণ, প্রথমার্ধে দল ভালো খেলেনি।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর