অবশেষে জানা গেল ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার সিংহ মরক্কোর বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি তাঁর প্রথম বিশ্বকাপ ম্যাচের একাদশেই দেখিয়েছেন একঝাঁক বড় চমক! চোটের কারণে পোস্টার বয় নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে আক্রমণভাগ থেকে শুরু করে রক্ষণভাগ- সবখানেই বড় বড় রদবদল এনেছেন এই সেলেসাও বস।
ম্যাচের আগে ধারণা করা হয়েছিল রক্ষণভাগের ডান প্রান্তে অভিজ্ঞ দানিলো এবং বাঁ প্রান্তে অ্যালেক্স সান্দ্রো শুরু করবেন। কিন্তু আনচেলত্তি সবাইকে চমকে দিয়ে রাইট-ব্যাক পজিশনে ভরসা রেখেছেন তরুণ ডিফেন্ডার রজার আইবানেজের ওপর। অন্যদিকে অভিজ্ঞ সান্দ্রোকে বেঞ্চে বসিয়ে লেফট-ব্যাক পজিশনে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন দগলাস সান্তোস! রক্ষণভাগের সেন্ট্রাল ডিফেন্সে অবশ্য কোনো পরিবর্তন নেই; গোলরক্ষক অ্যালিসন বেকারের সামনে দেয়াল হয়ে দাঁড়াবেন মার্কিনহোস এবং গ্যাব্রিয়েল মাগালেস।
বিজ্ঞাপন
নেইমার না থাকায় ব্রাজিলের ‘নাম্বার নাইন’ বা মূল স্ট্রাইকার হিসেবে কে খেলবেন- তা নিয়ে ফুটবলবিশ্বে বেশ জলঘোলা হয়েছিল। ম্যাথিউস কুনিয়া কিংবা তরুণ বিস্ময় এনড্রিকের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকলেও আনচেলত্তি খেললেন বড় জুয়া। দুই পরিচিত মুখকে বেঞ্চে রেখে মূল একাদশে অভিষেক ঘটিয়ে দিলেন তরতাজা স্ট্রাইকার ইগর থিয়াগোর! তাঁর এই শারীরিক শক্তি ও ক্ষিপ্রতা মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

মাঝমাঠের দখল ধরে রাখতে ‘ডাবল পিভট’ হিসেবে খেলছেন অভিজ্ঞ কাসেমিরো এবং নিউক্যাসেল তারকা ব্রুনো গিমারেস। তাদের ঠিক সামনে ‘নাম্বার ১০’ বা প্লে-মেকার রোলে আক্রমণ বিভাগের মূল সুতোটি থাকবে লুকাস পাকেতার হাতে। আর দুই প্রান্তে প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাচাতে প্রস্তুত দুই গতিময় উইঙ্গার- বাঁ দিকে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং ডান দিকে বার্সেলোনার রাফিনহা।
প্রয়োজনীয় মুহূর্তে মাঠ কাঁপাতে কার্লো আনচেলত্তির হাতে সাইডবেঞ্চে অপশন হিসেবে প্রস্তুত আছেন এনড্রিক, ম্যাথিউস কুনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং দানিলোর মতো তারকারা। সম্পূর্ণ নতুন রূপের এই দল নিয়ে আফ্রিকার পরাশক্তি মরক্কোকে হারিয়ে ব্রাজিল তাদের হেক্সা মিশন রাঙাতে পারে কি না, তা জানতে আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা!
বিজ্ঞাপন
এক নজরে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ (ফরমেশন: ৪-২-৩-১):
গোলরক্ষক: আলিসন বেকার
রক্ষণভাগ: রজার আইবানেজ, মার্কিনহোস (অধিনায়ক), গ্যাব্রিয়েল মাগালেস, দগলাস সান্তোস
মিডফিল্ড: কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা
আক্রমণভাগ: রাফিনহা, ইগর থিয়াগো, ভিনিসিয়ুস জুনিয়র




