মাঠে গড়ানোর প্রথম দিনেই ফুটবলবিশ্বকে এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দিল ২০২৬ ফিফা বিশ্বকাপ। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘এস্তাদিও আসতেকা’ স্টেডিয়ামে ৮০ হাজারেরও বেশি দর্শকের সামনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। হুয়ান কিনোনেস ও রাউল জিমেনেজের গোলে মেক্সিকো ২-০ ব্যবধানের দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, ম্যাচটি ফুটবল ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লেখা থাকবে সম্পূর্ণ ভিন্ন এক রেকর্ডের কারণে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখার রেকর্ডটি কাল চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও পুরো ম্যাচজুড়ে শৃঙ্খলা ধরে রাখতে কঠোর অবস্থান নেন, যার ফলে ম্যাচে ৩টি লাল কার্ড দেখতে হয় দুই দলের খেলোয়াড়দের। এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ডটি ছিল ১৯৯০ সালের আসরে, যেখানে আর্জেন্টিনার বিরুদ্ধে ১-০ ব্যবধানে জেতা ঐতিহাসিক ম্যাচে ক্যামেরুনের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন।
বিজ্ঞাপন
ম্যাচের প্রথমার্ধেই মেক্সিকান ফরোয়ার্ডদের বিপজ্জনকভাবে বাধা দেওয়ায় দক্ষিণ আফ্রিকার স্পাহেলো ‘ইয়ায়া’ সিথোলেকে প্রথম লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন রেফারি। ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই দ্বিতীয়ার্ধে ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা।
মেক্সিকোর রবার্তো আলভারাডোর মুখে কনুই দিয়ে আঘাত করার অপরাধে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ থেম্বা জোয়ানেকে সরাসরি লাল কার্ড দেওয়া হয়। রেফারি সাম্পাইও সাইডলাইন মনিটরে ভিএআর রিভিউ দেখার পর এই সিদ্ধান্ত নেন, যা আফ্রিকান শিবিরকে মাত্র ৯ জনের দলে পরিণত করে।
তবে ডিসিপ্লিনারি ড্রামার এখানেই শেষ ছিল না। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (ইনজুরি টাইমে) দক্ষিণ আফ্রিকার নিশ্চিত গোল করার সুযোগ ফাউল করে নস্যাৎ করে দেওয়ায় মেক্সিকান ডিফেন্ডার সিজার মন্তেসকেও লাল কার্ড দেখান রেফারি।
এই সংখ্যাটি কতটা অবিশ্বাস্য, তা বোঝা যাবে গত কাতার বিশ্বকাপের দিকে তাকালে। ২০২২ সালের পুরো বিশ্বকাপ জুড়ে ৬৪ ম্যাচে মাত্র ৪টি লাল কার্ড দেখানো হয়েছিল, আর ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেফারি পকেট থেকে ৩টি লাল কার্ড বের করে ফেলেছেন! বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে ৩ বা তার বেশি লাল কার্ড দেখার এটি মাত্র সপ্তম ঘটনা। একই সাথে ২০০৬ সালের পর্তুগাল বনাম নেদারল্যান্ডসের সেই বিখ্যাত ‘ব্যাটল অব নুরেমবার্গ’ ম্যাচের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে একক কোনো দল (দক্ষিণ আফ্রিকা) একই ম্যাচে দুটি লাল কার্ড দেখল।




