জমকালো সাংস্কৃতিক আয়োজন ও বিশ্বখ্যাত সংগীত তারকাদের পরিবেশনায় পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পপ তারকা শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনসসহ আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীরা।
মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন শাকিরা ও বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাই পরিবেশন করেন। এ ছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি প্রধান গান ডিএনএ-এর বিশেষ যৌথ পরিবেশনা উপস্থাপন করেন।
বিজ্ঞাপন
আয়োজনে মেক্সিকোর সংস্কৃতির ছোঁয়াও ছিল। দেশটির জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লোস অ্যাঞ্জেলস আজুলিস মঞ্চে পরিবেশনা করেন। কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন।
এ ছাড়া ভেনিজুয়েলার ড্যানি ওশান এবং কলম্বিয়ার জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পরিবেশনার মাধ্যমে দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন।
মেক্সিকোর পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রেও পৃথক অনুষ্ঠান আয়োজন করা হয়। বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামে ১২ জুন অনুষ্ঠিত ওই আয়োজনে পারফর্ম করেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয়।
অন্যদিকে ১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে পারফর্ম করেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।
এদিকে বাংলাদেশের দর্শকদের জন্যও রয়েছে সুখবর। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা যাবে সময় টেলিভিশন, বিটিভি ও টি-স্পোর্টসে।
ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। টফি, মাই রবি ও বায়োস্কোপ প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।
এআর




