ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ১-০ লিডে থাকা টাইগাররা আজ জিতলেই নিশ্চিত করবে সিরিজ। তবে স্বাগতিকদের এ মিশনে বাগড়া দিয়েছিল বৃষ্টি। অজিদের অল আউট করার দ্বারপ্রান্তে ছিলেন মেহেদী মিরাজরা। কিন্তু সফরকারীরা যখন ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছে ১৮৭ রান তখনই নামে বৃষ্টি। এরপর আর ব্যাটিংয়ে নামা হয়নি অজিদের। লম্বা সময় খেলা বন্ধ থাকায় ম্যাচের ওভার কাটা হয়েছে। এরপর খেলা শুরু হলে সরাসরি ব্যাটিংয়ে নামে লাল-সবুজের দল। জিততে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রানের। এ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেলেও সৌম্য সরকার ও নাজমুল শান্তর ৮৬ রানের জুটিতে চাপ কাটিয়েছে টাইগাররা।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরতে হয় তানজিদ তামিমকে। বাংলাদেশি এই ওপেনার ২ বলে ০ রান করে ফিরেন জাভিয়ের বার্টলেটের বলে। শুরুতেই এক ওপেনারকে হারিয়ে তাই চাপে পড়ে বাংলাদেশ।
বিজ্ঞাপন
তবে বৃষ্টি ভেজা মাঠে এরপর আরেক ওপেনার সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে চাপ সামলে নেন নাজমুল শান্ত। দুজন মিলে দেখেশুনে খেলে অজি বোলারদের বিপক্ষে জুটি গড়েন।
শান্ত-সৌম্যর দ্বিতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে ওঠে ৮৬ রান। সৌম্য ছিলেন ব্যক্তিগত অর্ধশতকের পথে। তবে ফিফটি থেকে ৮ রান দূরে থাকতেই ফিরতে হয় তাকে। ৪৭ বলে ৪২ রান করে ম্যাট রেনশর বলে আউট হন তিনি।
দলীয় ৮৬ রানে সৌম্য ফেরার পর ক্রিজে শান্তর সঙ্গী হয়েছেন লিটন দাস। এ দুজন মিলে দলকে এগিয়ে নিচ্ছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেটে ৯৮ রান।




