বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তানকে নিয়ে ঢাকায় শুরু হয়েছে বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি।
বুধবার (১০ জুন) রাজধানীর পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার বর্তমানে স্পোর্টস ডিপ্লোমেসিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিবেশী দেশসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ক্রীড়া বিনিময় ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
বুধবার দুপুর ১টায় মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৮ বিভাগের খেলা শুরু হয়। অন্যদিকে অনূর্ধ্ব-২০ বিভাগে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়, যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ আফগানিস্তান।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম উপস্থিত ছিলেন।
এমআর/এএইচ




