বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত সভায় খেলোয়াড়দের সুবিধা বৃদ্ধি এবং দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি প্রকল্পের বাজেট অনুমোদন দেওয়া হয়।
সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে স্টেডিয়াম প্রাঙ্গণে আধুনিক মানের একটি সুইমিং পুল নির্মাণ এবং বিদ্যমান জিমনেসিয়ামের পূর্ণাঙ্গ সংস্কার। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নিজস্ব সুইমিং সুবিধা গড়ে তোলার পরিকল্পনা ছিল, তবে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে বিভিন্ন সিরিজ বা অনুশীলন ক্যাম্প চলাকালে ক্রিকেটারদের জন্য বাইরে আলাদা সাঁতারের ব্যবস্থা করতে হয়।
বিজ্ঞাপন
এছাড়া দর্শকদের দীর্ঘদিনের একটি সমস্যারও সমাধান হতে যাচ্ছে। শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে প্রথমবারের মতো ছাউনি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রোদ, বৃষ্টি কিংবা ঝড়ের সময় ওই অংশের দর্শকদের আর ভোগান্তিতে পড়তে হবে না। কাজ শেষ হলে স্টেডিয়ামের সব গ্যালারিই ছাউনির আওতায় চলে আসবে।
পরিচালনা পর্ষদ জাতীয় ক্রিকেট দলের যাতায়াত সুবিধা উন্নত করতে একটি নিজস্ব টিম বাস কেনার প্রস্তাবও অনুমোদন করেছে। পাশাপাশি স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং এলাকা এবং ভিউয়িং জোন আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেছে, জাতীয় দলের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করতেই এসব উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আগে বোর্ড সভাপতি তামিম ইকবালও জানিয়েছিলেন, নতুন জিম ও সুইমিং পুল হবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং আন্তর্জাতিক মানের।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ক্রিকেটারদের প্রাপ্য বোনাসের একটি অংশও এই উন্নয়ন প্রকল্পে সহায়তার জন্য দেওয়া হয়েছে। তবে প্রকল্পের মোট ব্যয়ের তুলনায় সেই অর্থের পরিমাণ খুবই সীমিত।




