বাংলাদেশ জাতীয় দলে নিজের ফেরাটা রাঙিয়েছেন মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই একাদশে আছেন তিনি। অজিদের বিপক্ষে টাইগাররা আগে ব্যাট করে পেয়েছে ৮ উইকেটে ২৮৪ রানের বড় সংগ্রহ যাতে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোসাদ্দেক। এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে বাজে। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় দলটি, তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ম্যাট শর্ট। এরপর দ্বিতীয় ওভারে আরও এক উইকেট হারিয়ে চাপে পড়েছে অজিরা।
২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে অজিরা। তাসকিন আহমেদের ফুল লেন্থে করা বল বুঝে ওঠতে পারেনি অজি ওপেনার শর্ট। বোল্ড হয়ে সাজঘরে ফিরেন।
বিজ্ঞাপন
উইকেট হারানোর ধারা অব্যাহত থাকে দ্বিতীয় ওভারেও। এবার নায়ক মুস্তাফিজুর রহমান। অজিদের অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেনকে সাজঘরের পথ দেখান তিনি। কাটার মাস্টারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন তিনি।
দ্বিতীয় ওভারেই ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। এরপর দলের হাল ধরেছেন ওপেনার কুপার কনোলি ও অধিনায়ক জশ ইংলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৩০ রান।




