ঘরের মাঠে এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। অজিরা এক যুগেরও বেশি সময় বাংলাদেশে এসেছে ওয়ানডে সিরিজ খেলতে। আগামীকাল দুই দল মুখোমুখি হবে সিরিজের প্রথম ম্যাচে। এর আগে সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলীয় অধিনায়ক জস ইংলিস জানালেন, টাইগারদের তরুণ পেসার নাহিদ রানাকে সামলানো তাদের জন্য কঠিন হবে বলেই মনে করছেন তারা।
ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর নিউজিল্যান্ড- ওয়ানডেতে সবশেষ এই তিন সিরিজেই জয় পেয়েছে বাংলাদেশ। এ তিন সিরিজে লাল-সবুজের দলের জয়ের পেছনে বড় ভূমিকা ছিল পেসারদের। নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানরা দায়িত্ব নিয়ে পারফর্ম করেই দলের জয় নিশ্চিত করেছেন। আর পেস আক্রমণে অম্যতম অস্ত্র হিসেবে যোগ দিয়েছেন নাহিদ রানা।
বিজ্ঞাপন
সবশেষ সিরিজেও তিনি ছিলেন দুর্দান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও আগেও তাই এসেছে নাহিদ রানার প্রসঙ্গ। সংবাদ সম্মেলনে অজি অধিনায়ককেও এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে ইংলিস বলেন, ‘আমি যে খুব বেশি তার বোলিং দেখেছি, তা নয়। কিন্তু যতটুকু দেখেছি, খুব ভালো বোলার সে, খুবই সম্ভাবনাময় একজন। লম্বা, জোরে বল করতে পারে— এমন কম্বিনেশন খুব চমৎকার ব্যাপার। আমাদের সবার জন্যই তাকে সামলানো বেশ কঠিন হতে যাচ্ছে।’
এদিকে পেসাররা ছাড়াও বাংলাদেশের বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র রিশাদ হোসেন। এবার বিগ ব্যাশেও খেলেছেন তিনি, পারফর্ম্যান্সও ছিল দুর্দান্ত। রিশাদকে নিয়ে অজি অধিনায়ক বলেন, ‘সে আসলেই খুব ভালো একজন বোলার। বিগ ব্যাশে খেলেছে, তাই আমার মনে হয় আমাদের বেশ কয়েকজন তাকে ভালোভাবেই দেখেছে। স্বাভাবিকভাবেই, ম্যাথু ওয়েড আমাদের কোচিং স্টাফে আছে, সঙ্গে এলিসও আছে—হোবার্টে তারা রিশাদকে খুব কাছ থেকে দেখেছে। তাই তাকে নিয়ে যে আমাদের দলের ভেতর আলোচনা হবে, সেটা একদম নিশ্চিত।’
এদিকে বাংলাদেশের পেসাররা যখন দারুণ পারফর্ম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে সিরিজে খেলতে নামছে তখন অজিরা পেস বোলিংয়ে কিছুটা পিছিয়ে আছেন বলেই মনে করছেন অনেকে। অজিরা সিরিজ খেলবে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের মত বড় তারকাদের ছাড়াই। তবে তারকা পেসাররা না থাকলেও তরুণদের উপরেই ভরসা রাখতে চান অজি অধিনায়ক।
ইংলিশ এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের স্কোয়াড থেকে বড় (তারকা) কয়েকজন খেলোয়াড় বাইরে চলে গেছে। তবে আমি মনে করি যারা গত কয়েক বছর ধরে নিয়মিত খেলছে, যেমন নাথান এলিস, জেভিয়ার বার্টলেট বা বেন ডোয়ারশুইস। তাদের এই পর্যায়ে খেলার মতো এখন বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। তাই তারাও দারুণ সম্ভাবনাময়। এই সিরিজে তারা কী করতে পারে তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।’




