দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্ব মঞ্চে খরা চলছে ব্রাজিলের। ২০০২ সালের ফিফা বিশ্বকাপে শিরোপা জয়ের পর থেকে আর একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি সেলেসাওরা। সবচেয়ে বেশি পাঁচবারের জয়ীরা হেক্সা মিশনে বারবার নামলেও তা অধরাই থেকে যাচ্ছে। সবশেষে এবার বিদেশি কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে হেক্সা জয়ের অভিযানে হলুদ জার্সীধারীরা। তবে এবারও বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল দলটি।
ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরুর আগেই চোটে পড়েছেন নেইমার জুনিয়র। প্রস্তুতি ম্যাচগুলোতেও জাতীয় দলের জার্সিতে খেলতে পারছেন না তিনি। মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন কি না তাও এখনো নিশ্চিত নয়। এরই মধ্যে চোটে বিশ্বকাপ শেষ হল আরেক ফুটবলারের।
বিজ্ঞাপন
ব্রাজিলের রক্ষণের অন্যতম বড় তারকা ফুলব্যাক ওয়েসলি খেলতে পারছেন না এবারের বিশ্বকাপে। মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুরুর ১৫ মিনিটের মাঝেই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় তাকে। পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, বড় চোট ধরা পড়েছে এই ফুলব্যাকের। ফলে টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার।
এদিকে ওয়েসলির পরিবর্তে ব্রাজিলের দলে ডাকা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার এদেরসনকে। ২৬ বছর বয়সী এদেরসন ২০২২ সাল থেকে ইতালির আতালান্তার হয়ে খেলছেন। ২০২৪ সালে জাতীয় দলে অভিষেকের পর মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমআরআই স্ক্যানে ওয়েসলির বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে। এই চোটের ঘটনায় সিবিএফ হতাশা প্রকাশ করছে। ওয়েসলি দলের সবার কাছে খুবই প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে চলা এই দলের অংশ হিসেবে সে সব সময় থাকবে।’




