রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

লর্ডসের উইকেট নিয়ে হতাশা প্রকাশ এমসিসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

লর্ডসের উইকেট নিয়ে হতাশা প্রকাশ এমসিসির

লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে ১১৫ রানে হারিয়ে ইংল্যান্ডের মৌসুম শুরু হলেও, মাঠের ক্রিকেটের চেয়ে এখন বেশি তোলপাড় চলছে লর্ডসের বাইশ গজ নিয়ে। মাত্র ১৬৬ ওভারে যেখানে দুই দল মিলিয়ে পড়েছে মোট ৪০টি উইকেট, সেখানে ম্যাচটি ৪ দিন পর্যন্ত টেনে নেওয়া গেছে কেবল নিয়মিত বৃষ্টির বাধাদানের কারণে! অসমান বাউন্স, অদ্ভুত মরণকামড় আর ব্যাটারদের শরীরে বলের উপর্যুপরি আঘাতের এমন ‘চরম পরিস্থিতি’ দেখে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। 

তার সুরে সুর মিলিয়ে কিউই অধিনায়ক টম লাথামও একে দুর্ভাগ্যজনক আখ্যা দেওয়ার পর, লর্ডসের মালিকানাধীন সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাব অবশেষে স্বীকার করেছে যে এই পিচ নিয়ে তারা চরম ‘হতাশ ও বিরক্ত’!


বিজ্ঞাপন


পুরো ম্যাচ জুড়েই লর্ডসের উইকেট আচরণ করেছে খ্যাপাটে ও অবিশ্বাস্যভাবে। কখনো গুড লেংথ থেকে বল আচমকা নিচু হয়ে স্ট্যাম্প উপড়ে দিয়েছে, আবার কখনো একই লেংথ থেকে বল লাফিয়ে উঠে ব্যাটারদের গ্লাভস ও হেলমেটে ছোবল মেরেছে। পরিসংখ্যান বলছে, এই ম্যাচের ৪০টি উইকেটের মধ্যে ২৪টি আউটই হয়েছে সরাসরি ‘বোল্ড’ কিংবা ‘এলবিডব্লিউ’ হয়ে, যা প্রমাণ করে ব্যাটাররা পিচের বাউন্সকে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারছিলেন না এবং ক্রিজেই আটকে যাচ্ছিলেন। 

কিউই অধিনায়ক টম লাথাম উদাহরণ টেনে বলেন, "দ্বিতীয় ইনিংসে ম্যাট হেনরির একটি গুড লেংথ বল যেভাবে একদম না লাফিয়ে জ্যাকব বেথেলের অফ স্ট্যাম্প উড়িয়ে দিল, আর চতুর্থ দিন সকালে যেভাবে বলগুলো লাফিয়ে উঠছিল- এমন উইকেটে শট খেলা অসম্ভব।"

ম্যাচ শেষে লর্ডসের পিচ কিউরেটরদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বেন স্টোকস স্পষ্ট ভাষায় বলেন, "আমাকে সবসময় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ আর এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করা হয়। ৫ দিনের একটি খেলা যদি আবহাওয়ার সাহায্য ছাড়া ৪ দিনও না টিকে, তবে তা কোনোভাবেই টেস্ট ক্রিকেটের দীর্ঘায়ুর জন্য ভালো বিজ্ঞাপন নয়। হ্যাঁ, বোলারদের জন্য এমন উইকেটে চ্যালেঞ্জ নেওয়া দারুণ, কিন্তু এই ধরণের অতিরিক্ত সিম মুভমেন্ট আর অসমান বাউন্সের চরম পরিস্থিতি টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ধ্বংস করে দেবে।"

টেস্ট ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের পিচকে উন্নত করতে এই শীতকালীন মৌসুমেই বিশাল বিনিয়োগ করেছিল এমসিসি। পিচ ‘স্টিমিং’ করা থেকে শুরু করে পুরো আউটফিল্ড নতুন করে তৈরি করা হয়েছিল। কিন্তু প্রথম টেস্টেই এমন ভরাডুবির পর এমসিসি-র প্রধান নির্বাহী রব লসন রবিবার এক বিবৃতিতে বলেন, "আমরা স্বীকার করছি যে পিচটি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি অসমান বাউন্স দেখিয়েছে। আমরা নিজেদের সর্বোচ্চ মানদণ্ডে রাখি, তাই এমন পিচ আমাদের হতাশ করেছে।" 


বিজ্ঞাপন


এদিকে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের রিপোর্টের ভিত্তিতে লর্ডসের পিচের ভাগ্য নির্ধারণ করবে। যদি পিচটি ‘অসন্তোষজনক’ প্রমাণিত হয়, তবে আইসিসি-র নিয়ম অনুযায়ী লর্ডসের কপালে জুটবে ১টি ডিমেরিট পয়েন্ট।

রবিবার চতুর্থ দিনে ৩০ ওভারেরও কম খেলা হওয়ায় টিকিটধারী দর্শকদের ৫০% টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে এমসিসি। এর আগে তৃতীয় দিনে বৃষ্টির কারণে মাত্র ৫৮টি বৈধ বল মাঠে গড়ানোয় দর্শকদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হয়েছিল। খেলা শেষে অবশ্য হতাশ দর্শকদের মাঠে নামার অনুমতি দিয়ে কিছুটা সান্ত্বনা দিয়েছে লর্ডস কর্তৃপক্ষ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর