বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দেরি নেই, তার আগেই আঘাতের দুঃসংবাদে আবারও দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। দলের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মুহূর্তে রক্ষণভাগের ভরসা লিওনার্দো বালের্দির ইনজুরি যেন নতুন করে হিসাব কষতে বাধ্য করছে কোচিং স্টাফকে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে ২–০ ব্যবধানে জয়ের পর সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানান, বালের্দির সোলিয়াস পেশিতে গুরুতর সমস্যা ধরা পড়েছে। তার মতে, গ্রুপ পর্বের মতো বড় মঞ্চে খেলার জন্য যে পরিমাণ ফিটনেস দরকার, বালের্দি তা এখন আর ধরে রাখতে পারছেন না। তাই ঝুঁকি না নিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘আমরা সবাই আশা করছিলাম চোটটা যেন তেমন গুরুতর না হয়। কিন্তু অবশেষে নিশ্চিত হওয়া গেছে যে বালের্দির সোলিয়াস পেশিতে বড় সমস্যা। দুর্ভাগ্যবশত তাকে দল থেকে বাদ দিতে হচ্ছে, কারণ গ্রুপ পর্বে অবদান রাখতে যে ন্যূনতম ফিটনেস প্রয়োজন, সেটা তার নেই। আমি কোনো ঝুঁকি নিতে রাজি নই। সে বেশ কিছুদিন ধরেই ওখানে ছোটখাটো সমস্যায় ভুগছিল। ওকে এই খবরটি জানাতে আমার খুবই খারাপ লেগেছে।’
তিনি আরও বলেন,‘লিওনার্দোর প্রতি আমার আলাদা একটা টান আছে, কারণ অনূর্ধ্ব-২০ দল থেকে আমি যেদিন প্রথম দায়িত্ব নিই, সেদিন থেকেই সে এই দলের অংশ ছিল। ও কঠোর পরিশ্রম করেছে। ওকে যা বলার ছিল তা বলেছি। ঘটনাটি সত্যিই দুঃখজনক। বালের্দির সঙ্গে যা ঘটেছে তা নিয়ে দলের ভেতরের পরিবেশ কিছুটা থমথমে হয়ে পড়েছিল। আমরা যেভাবে পেরেছি পরিস্থিতি সামাল দিয়েছি। অনুভূতিটা মোটেও ভালো ছিল না; এটি আমাদের জন্য একটা কঠিন সময় ছিল।’
নতুন খেলোয়াড় নেওয়া হবে কি না, এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি স্কালোনি। তিনি জানান, সব খেলোয়াড়ের ফিটনেস পর্যবেক্ষণ চলছে এবং আসন্ন ম্যাচের আগে পরিস্থিতি দেখে চূড়ান্ত পরিকল্পনা ঠিক করা হবে। বিশেষ করে স্কোয়াডের আরও কয়েকজন ফুটবলার পুরোপুরি ফিট কি না, তা নিয়েও অনিশ্চয়তা আছে।
আর্জেন্টাইন কোচ বলেন, ‘এখনই কোনো বদলি খেলোয়াড় নিচ্ছি না। আমি কোনো আতঙ্ক সৃষ্টি করতে চাই না, তবে আমরা অনেক খেলোয়াড়কে নিয়েই এখনো ১০০ ভাগ নিশ্চিত নই। তাই এই সিদ্ধান্তটি শুধু একজন সেন্টার ব্যাক নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। আমরা অপেক্ষা করব। আমাদের সামনে আরও একটি ম্যাচ রয়েছে। লিওনার্দোর এই দুর্ভাগ্য আমাদের অনেক খেলোয়াড়কে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। তাই তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না। আমাদের মাথায় পরিকল্পনা আছে, তবে সম্ভবত মঙ্গলবার ম্যাচের আগে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেব না। আমাদের দেখতে হবে বাকি ছেলেরা কেমন আছে।’




