ভারতের ক্রিকেটে নতুন এক বিস্ময়ের নাম বৈভব সূর্যবংশী। আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রে আসা এই তরুণ এবার জায়গা করে নিয়েছেন ভারতের জাতীয় টি-টোয়েন্টি দলে। মাত্র ১৫ বছর বয়সেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে সবচেয়ে বড় আকর্ষণ বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি। ক্রিকেটবিশ্বের নজর এখন এই কিশোর ব্যাটারের দিকে, যিনি আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের অপেক্ষায়।
বিজ্ঞাপন
দল ঘোষণায় আরও কয়েকটি চমক রয়েছে। ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সূর্যকুমার যাদবকে এবার স্কোয়াডে রাখা হয়নি। তার পরিবর্তে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে দলের নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার।
সূর্যবংশী যদি এই দুই সিরিজের যেকোনো একটিতে আন্তর্জাতিক অভিষেক করেন, তবে তিনি ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়বেন। বর্তমানে এই কীর্তির মালিক কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যিনি ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ভারতীয় দল (টি-টোয়েন্টি স্কোয়াড): শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণুই, অভিশেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদিপ সিং, শিবাম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী
এসটি




