ইউরোপের মাটিতে এক নতুন অধ্যায় রচিত করেছে বাংলাদেশ ফুটবল দল। সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো ইউরোপের দেশ সান মারিনোকে ২-১ গোলে পরাজিত করে ইতিহাস গড়েছে তপু-হামজারা। আর এই জয়ের নায়ক তপু বর্মণ, দুই গোলই এসেছে তার কাছ থেকে।
ম্যাচের শুরুতেই বাংলাদেশ আক্রমণে এগিয়ে আসে। ১৭ মিনিটে জামাল ভূঁইয়ার শট রক্ষণে বাধা পেলেও দুই মিনিট পর তপু বর্মণ ডান দিক থেকে শেখ মোরসালিনের ক্রস থেকে বুদ্ধিদ্বীপ্ত হেডে গোল করেন। যদিও ৩১ মিনিটে সান মারিনো সমতা ফেরায়, নিকোলাস জিয়াওকোপেত্তির প্লেসিং শটে গোলরক্ষল মিতুলকে পরাস্ত করে।
বিজ্ঞাপন
ম্যাচ সমতায় ফিরলে বাংলাদেশের আক্রমণ আরও শক্তিশালী হয়, তবে ৩৭ মিনিটে সাদ উদ্দিনের সুযোগ নষ্ট হয়। বিরতির পর শমিত ও জায়ন মাঠে নামলেও সুযোগ নষ্টের ধারাবাহিকতা বজায় থাকে। ৫৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ফায়সাল আহমেদ ফাহিমের শট সাইড বারে লেগে প্রতিহত হয়।
৮৬ মিনিটে হামজা চৌধুরীর ফ্রি কিকে বিশ্বনাথ ঘোষের সাইড ভলিতে তপু বর্মণ আবারও হেডে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শেষ মুহূর্তে সান মারিনোর একটি শট গোললাইন পার করেছে কিনা নিয়ে বিতর্ক থাকলেও রেফারির সিদ্ধান্তে ২-১ গোলে বাংলাদেশই বিজয়ী ঘোষণা পায়।
এই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়। ইউরোপীয় মাটিতে ইউরোপীয় দলের বিরুদ্ধে প্রথমবারের মতো জয় পাওয়া দল হিসেবে বাংলাদেশ ফুটবল বিশ্বে নিজের অবস্থান শক্ত করেছে। কোচ থমাস ডুলির জন্যও এটি একটি স্মরণীয় অভিষেক।
এসটি/এমএইচআর




