বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

ইরাকের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

ইরাকের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামালের হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে স্পেনের ফুটবল ভক্তদের মনে যে মেঘ জমেছিল, তা কাটার ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। এক সংবাদ সম্মেলনে কোচ নিশ্চিত করেছেন, ১৮ বছর বয়সী এই উইঙ্গার টুর্নামেন্টে স্পেনের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

গত ২২ এপ্রিল লা লিগায় বার্সেলোনার হয়ে পেনাল্টি থেকে গোল করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান ইয়ামাল। এই চোটের কারণে বিশ্বকাপটাই মিস হয়ে যায় কি না- তা নিয়ে তীব্র শঙ্কায় ছিলেন এই তরুণ। তবে দে লা ফুয়েন্তে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার এ করুনিয়া-তে ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইয়ামালকে খেলানো না হলেও, আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে। 


বিজ্ঞাপন


কোচ বলেন, "সবকিছু ঠিকঠাক থাকলে ও ১৫ জুনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। তবে তার মানে এই নয় যে ও শুরু থেকেই খেলবে। কন্ডিশন বুঝে ওকে হয়তো শেষ দিকে কয়েক মিনিটের জন্য নামানো হতে পারে, যাতে দ্বিতীয় ম্যাচের আগে ও পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পায়।"

ইরাকের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচে কেবল ইয়ামালই নন, স্কোয়াডের অন্য দুই ইনজুরিতে পড়া তারকা- নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনিয়োজকেও বিশ্রামে রাখা হচ্ছে। এছাড়া সম্প্রতি বুদাপেস্টে পিএসজি বনাম আর্সেনালের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে আসা স্প্যানিশ ফুটবলারদেরও এই ম্যাচে খেলাবেন না কোচ। আগামী সোমবার মেক্সিকোর মাটিতে পেরুর বিপক্ষে স্পেনের শেষ ওয়ার্ম-আপ ম্যাচ অনুষ্ঠিত হবে, তবে সেই ম্যাচে কোন একাদশ মাঠে নামবে তা খোলসা করেননি লা রোহা বস।

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এ পড়েছে স্পেন। ১৫ জুন কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করার পর, ২১ জুন আটলান্টায় তারা মুখোমুখি হবে সৌদি আরবের এবং ২৬ জুন গুয়াদালাহারার মাঠে লড়বে উরুগুয়ের বিপক্ষে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জয়ের পর থেকে বিগত তিনটি আসরে কোনোবারই রাউন্ড অব সিক্সটিন বা শেষ ১৬-র গণ্ডি পার হতে পারেনি স্পেন। 

এবার ১৮ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামালের কাঁধে ভর করে সেই দীর্ঘ ১৬ বছরের ব্যর্থতার খরা কাটাতে এবং দ্বিতীয় বিশ্বখেতাব ঘরে তুলতে কতটা প্রস্তুত দে লা ফুয়েন্তের তরুণ দল, তা দেখার জন্য মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর