বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে সতর্কবার্তা আলজেরিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১১:১০ এএম

শেয়ার করুন:

ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে সতর্কবার্তা আলজেরিয়ার

বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এমন সময়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় এক চমক দেখাল আলজেরিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে অনেক এগিয়ে থাকা নেদারল্যান্ডসকে তাদেরই মাঠে হারিয়ে বিশ্ব ফুটবলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে উত্তর আফ্রিকার দলটি। এই জয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন ম্যাচের আগে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠেছে আলজেরিয়ানরা।

রটারডামের ঐতিহাসিক ডি কুইপ স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে পরাজিত করে আলজেরিয়া। ম্যাচজুড়ে ডাচরা আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। বরং শেষ দিকে সুযোগ কাজে লাগিয়ে স্মরণীয় জয় তুলে নেয় সফরকারীরা।


বিজ্ঞাপন


ম্যাচের একমাত্র গোলটি আসে ৮৬তম মিনিটে। ডান দিক দিয়ে দ্রুতগতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে নিখুঁত কোণাকুণি শটে বল জালে পাঠান তরুণ উইঙ্গার আনিস হাজ মুসা। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল, আর সেটিই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারণকারী মুহূর্ত।

প্রথমার্ধে নেদারল্যান্ডস একাধিক আক্রমণ চালালেও আলজেরিয়ার রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আফ্রিকান দলটি। শেষ মুহূর্তে গোল হজম করার পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় স্বাগতিকরা, কিন্তু সফল হতে পারেনি।

আলজেরিয়ার এই জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক লুকা জিদান। সম্প্রতি চোয়ালের গুরুতর চোট কাটিয়ে বিশেষ সুরক্ষামূলক ফেস মাস্ক পরে মাঠে নামেন তিনি। পুরো ম্যাচে বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই গোলকিপার।

ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ডাচ গণমাধ্যম এনওএসকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের উচিত ছিল অন্তত দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকা। তবে সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয়েছে তাদের।


বিজ্ঞাপন


বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসের এটি শেষ দিকের প্রস্তুতি ম্যাচগুলোর একটি। বৃহস্পতিবার তারা নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবে। এরপর উজবেকিস্তানের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলে মূল আসরের প্রস্তুতি সম্পন্ন করবে ডাচরা।

অন্যদিকে আলজেরিয়া আগামী ১৬ জুন কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগে বলিভিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর পর আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে মানসিকভাবে অনেকটাই উজ্জীবিত থাকবে আলজেরিয়ান শিবির।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর