বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

ঋতুপর্ণার অলৌকিক গোলে সমতা নিয়ে বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

ঋতুপর্ণার অলৌকিক গোলে সমতা নিয়ে বিরতিতে বাংলাদেশ

ভারতের গোয়ায় চলমান সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শুরুটা ছিল বাংলাদেশের জন্য হতাশাজনক। টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নামা লাল-সবুজের মেয়েরা প্রথমার্ধে নেপালের দাপটের সামনে কোণঠাসা হয়ে পড়েছিল। নেপালের আক্রমণের ঝড়ে রক্ষণভাগ বারবার চাপে পড়ে এবং একটি গোল হজম করে পিছিয়ে যায় বাংলাদেশ। তবে বিরতির ঠিক আগে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত এক মুহূর্ত বদলে দেয় ম্যাচের চিত্র। কর্নার কিক থেকে তাঁর অবিশ্বাস্য শটে সরাসরি জালে জড়ায় বল, আর সেই গোলেই ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চলে দুই দলের মধ্যে। তবে বল দখল ও আক্রমণের ধারে স্পষ্ট এগিয়ে ছিল নেপালি মেয়েরা। বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দা এদিনও ছিলেন নিজের ছায়া হয়ে। তার নিষ্প্রভ পারফরম্যান্সের সুযোগে নেপালের ফরোয়ার্ডরা বারবার বিপদসীমায় ঢুকে পড়ছিল। ডিফেন্ডাররা কোনোমতে চাপ সামলাচ্ছিলেন।


বিজ্ঞাপন


২৩ মিনিটে নেপাল এগিয়ে যায়। বাংলাদেশের ডি-বক্সে জটলায় বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ডিফেন্স। সেই সুযোগ কাজে লাগিয়ে বক্সের ডান দিক থেকে দারুণ এক কোনাকুনি শটে গোল করেন নেপালের গিতা রানা। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ মরিয়া হয়ে ওঠে। উইংস ব্যবহার করে প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরানোর চেষ্টা চলে, কিন্তু নেপালের সুসংগঠিত ডিফেন্স ভাঙা ছিল কঠিন।

ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য এক মুহূর্ত। প্রথমার্ধের শেষ মিনিটে ‘বাংলার মেসি’ খ্যাত ঋতুপর্ণা চাকমা সরাসরি কর্নার থেকে দর্শনীয় ‘অলিম্পিক গোল’ করে দলকে সমতায় ফেরান। তার এই জাদুকরী গোলে ১-১ সমতা নিয়ে স্বস্তির বিরতিতে যায় বাংলাদেশ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর