বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে অপেক্ষা করছে আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চ্যালেঞ্জ। আগামী ডিসেম্বর মাসে নিউজিল্যান্ড সফরে যাবে নিগার সুলতানা জ্যোতির দল। সফরে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বুধবার নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আসন্ন মৌসুমে নিজেদের মাটিতে হোয়াইট ফার্নসদের এটিই একমাত্র আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে। ফলে সিরিজটি নিয়ে স্বাগতিকদের আগ্রহও বেশ বেশি।
বিজ্ঞাপন
প্রকাশিত সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে সফর। প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে নেলসনে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর। এরপর ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে লড়াই। ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর সিরিজের শেষ দুই ম্যাচ ২১ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
মূলত ২০২৭ সালের শুরুতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ড নারী দলের। তবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফেব্রুয়ারি ২০২৭-এ পুনর্নির্ধারিত হওয়ায় সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি নিউজিল্যান্ডের ঘরের মাঠের একমাত্র আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট হিসেবে যুক্ত হয়েছে।
এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ড সফর করেছিল বাংলাদেশ নারী দল। সেই সফরে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এবং ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছিল টাইগ্রেসরা। এবার সেই হতাশা কাটিয়ে ভালো ফলের প্রত্যাশা থাকবে বাংলাদেশের।
বিজ্ঞাপন
বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফরের সূচি:
টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি: ১০ ডিসেম্বর, নেলসন
২য় টি-টোয়েন্টি: ১২ ডিসেম্বর, নেলসন
৩য় টি-টোয়েন্টি: ১৫ ডিসেম্বর, ওয়েলিংটন
ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে: ১৮ ডিসেম্বর, ওয়েলিংটন
২য় ওয়ানডে: ২১ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই
৩য় ওয়ানডে: ২৩ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই




