দীর্ঘদিন পর জয়ের মুখ দেখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা পাঁচ ম্যাচ হারের পর মঙ্গলবার (২ জুন) এডিনবার্গে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে স্বস্তি ফিরিয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপালে বিশ্বকাপ বাছাইপর্বে সাত ম্যাচের সবকটিতে জিতে মূলপর্বে জায়গা করে নেওয়ার পর থেকেই ধারাবাহিক ব্যর্থতায় ডুবে যায় বাংলাদেশ। সিলেটে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দল ও নেদারল্যান্ডসের বিপক্ষে যথাক্রমে ৮ উইকেট ও ৮ রানে হারে জ্যোতিরা। সেই হারের ধারা ভেঙে অবশেষে জয় তুলে নিল বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ২৩ রানের মধ্যেই তিন উইকেট হারায় দল। চাপের মুখে দলকে টেনে তোলেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। সোবহানা ৩১ বলে ৩৯ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে ইনিংস বড় করেন জ্যোতি। ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান তোলে বাংলাদেশ। স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও মেইসি ম্যাকেইরা দুটি করে উইকেট নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আইসিসি থেকে সুখবর পেলেন জ্যোতি ও ফারিহা
১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। মাত্র ১ রানেই দুই ওপেনারকে হারায় তারা। অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ১৪ বলে ২১ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। সারাহ ব্রাইস দলের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৪০ রান করেন। আলিসা লিস্টার ও সারাহ ব্রাইসের চতুর্থ উইকেটে ২৮ বলে ৩৮ রানের জুটিই ছিল স্কটিশ ইনিংসের সর্বোচ্চ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকরা ১৯ ওভারে ১১৮ রানে অলআউট হয়, যার মধ্যে শেষ চার উইকেট পড়ে মাত্র ৬ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পেস অলরাউন্ডার রিতু মণি। মাত্র ২ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে স্কটিশ ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা দুটি করে এবং রাবেয়া খান ও সোবহানা মোস্তারি একটি করে উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার পান অধিনায়ক জ্যোতি।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এডিনবার্গের এই ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পূর্বপ্রস্তুতি। একই ভেন্যুতে পরশু নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে এক নম্বর গ্রুপে থাকা বাংলাদেশ গ্রুপপর্বে মুখোমুখি হবে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের।




