পানামার বিপক্ষে ৬-২ গোলের বিশাল জয়ের স্মৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেলেসাও। দীর্ঘদিন খুঁড়িয়ে চলা ব্রাজিল দল যেন হঠাৎ করেই ছুটতে শুরু করেছে। সমর্থকদের মনে আশার আলো জ্বলে উঠেছে, আর মাঠের ভেতর খেলোয়াড়রা ফিরে পেয়েছেন হারানো আত্মবিশ্বাস। বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া এখন বেশ ফুরফুরে মেজাজে। বিশ্বকাপের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছেন তিনি।
ম্যাচের পর স্পোর্ত টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, 'আজ আমার যে মানসিকতা, তাতে আমি নিজেকে মানসিক ও টেকনিক্যাল দিক থেকে অনেক বেশি প্রস্তুত মনে করছি। এই জার্সির দায়িত্ব ও চাপ নেওয়ার জন্য আমি পুরোপুরি তৈরি।'
বিজ্ঞাপন
নিজে গোল না পেলেও সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ রাফিনিয়া। ভিনিসিয়ুসের গোল দিয়ে উৎসব শুরুর পর কাসেমিরো, রায়ান, পাকেতা, থিয়াগো এবং দানিলো গোল করে দলের জয় নিশ্চিত করেন। বিশেষ করে বদলি খেলোয়াড়দের গোল দেখে বোঝা যাচ্ছে, ব্রাজিলের একাদশে জায়গা করে নেওয়ার লড়াই এখন তুঙ্গে।
তবে রাফিনিয়া গোল নিয়ে চিন্তিত নন। তার দুশ্চিন্তা রক্ষণ নিয়ে। তিনি বলেন, 'যদি আমরা রক্ষণভাগ গুছিয়ে নিতে পারি এবং সবাই মিলে একসঙ্গে সামলাতে পারি, তাহলে যেকোনো দলের পক্ষে আমাদের হারানো কঠিন হয়ে যাবে। এই দলে বিশ্বের সেরা ফরোয়ার্ডরা আছেন। ঐক্যবদ্ধভাবে খেললে এবং একে অপরকে সাহায্য করলে আমাদের হারানো খুবই কঠিন।'
ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি দলের ভেতর ঐক্য ও পারস্পরিক সহযোগিতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। রবিবার মারাকানায় ৭৩ হাজারের বেশি দর্শকের সামনে বড় জয়টি হেক্সা মিশনের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।
রাফিনিয়া আরও যোগ করেন, 'দেশের মাঠে সমর্থকদের সামনে প্রস্তুতির শেষ ধাপটা শেষ করতে পারাটা দারুণ অনুভূতি। গ্রানজা কোমারিতে পৌঁছানোর পর থেকেই মনে হচ্ছিল আমরা আসলে বিশ্বকাপের মধ্যেই আছি। চারদিকে বিশ্বকাপের আবহ।'




