সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

‘সর্বকালের সেরা বিশ্বকাপ খেলতে চাই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

‘সর্বকালের সেরা বিশ্বকাপ খেলতে চাই’

বিশ্বক্রিকেটের মঞ্চে ধীরে ধীরে নিজেদের জায়গা করে নিচ্ছে বাংলাদেশ নারী দল। দীর্ঘ অপেক্ষা আর প্রতিকূলতা পেরিয়ে এবার তারা আসছে আরও পরিণত ও আত্মবিশ্বাসী রূপে। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে শোনা যাচ্ছে দৃঢ় প্রত্যয়ের সুর। জয়ের খরা কাটিয়ে এবার তারা চান বিশ্বকাপে নতুন দিগন্ত খুলতে। আইসিসিতে লেখা এক কলামে এমনটায় জানায় টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের (টাইগ্রেস) অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, দীর্ঘদিন ধরে জয়হীন পথ পাড়ি দিয়েছেন তারা। তবে এটাকে তিনি চাপ হিসেবে না দেখে বরং ইতিহাস বদলের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন।


বিজ্ঞাপন


২০১৪ সালে প্রথম বিশ্বকাপে দুটি জয় পাওয়ার পর টানা ১০ বছর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অবশেষে ২০২৪ সালের আসরে স্কটল্যান্ডকে হারিয়ে সেই দীর্ঘ খরা কাটে। জ্যোতির মতে, 'আমরা দীর্ঘদিন জয়হীন পথ পাড়ি দিয়ে এসেছি। তবে আমি এটাকে চাপ হিসেবে দেখছি না, বরং ইতিহাস পরিবর্তনের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। ২০২৪ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টি আমাদের দারুণ এক অনুভূতি দিয়েছিল। গতবারের তুলনায় আমরা এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ দল।' 

এ পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে মাত্র তিনটি জয় পেয়েছে টাইগ্রেসরা। তাই এবারের লক্ষ্য স্পষ্ট- জয়ের সংখ্যা বাড়ানো এবং নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া। জ্যোতি জানিয়েছেন, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা অনুসরণ করে এগোবেন তারা।

তিনি আরও বলেন, 'আমরা বেশ কঠিন গ্রুপে পড়েছি। এখানে এমন দলগুলো আছে যারা নিয়মিত সেমিফাইনাল ও ফাইনালে খেলে। কিন্তু আমরা বিশ্বাস করি, যেকোনো দিন যেকোনো দলকে হারানো সম্ভব। আমরা আমাদের সর্বকালের সেরা বিশ্বকাপ খেলতে চাই।'

এটি জ্যোতির ষষ্ঠ বিশ্বকাপ এবং তৃতীয়বারের মতো তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। ১৮ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলার স্মৃতি এখনও তাজা তার কাছে। তিনি বলেন, 'বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া অসাধারণ এক অনুভূতি। এটা একইসঙ্গে গর্ব ও বড় চ্যালেঞ্জ।'

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর