সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

মেসি-রোনালদোর পাশে বসার অপেক্ষায় ওচোয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

মেসি-রোনালদোর পাশে বসার অপেক্ষায় ওচোয়া

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকারা যেখানে একাধিক বিশ্বকাপে নিজেদের নাম উজ্জ্বল করেছেন, সেখানে মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া নীরবে তৈরি করছেন এক অনন্য ইতিহাস। ৪০ বছর বয়সেও অভিজ্ঞতার ঝুলি ভরিয়ে তিনি যাচ্ছেন ষষ্ঠ বিশ্বকাপ খেলতে। যা মেক্সিকান ফুটবলের জন্য এক নতুন মাইলফলক।

মেক্সিকো ফুটবল অ্যাসোসিয়েশন ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এই দলে রাখা হয়েছে অভিজ্ঞ ওচোয়াকে। বিশ্বকাপে মাঠে নামলেই তিনি হবেন প্রথম মেক্সিকান ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণকারী।


বিজ্ঞাপন


২০০৬ সালের জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন ওচোয়া। এরপর প্রতিটি আসরেই তার সেভগুলো মেক্সিকোর ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটেছে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নিয়মিত খেলার সুযোগ না পেলেও, বিশাল অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে কোচ হাভিয়ের আগিররে তাকে দলে রেখেছেন।

দলে শুধু অভিজ্ঞতাই নয়, তরুণ প্রতিভাদেরও গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। অধিনায়ক এদসন আলভারেজ ও স্ট্রাইকার রাউল জিমেনেজ অভিজ্ঞতার ভরসা। অন্যদিকে মাত্র ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবের্তো মোরা হতে যাচ্ছেন মেক্সিকোর হয়ে বিশ্বকাপ খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলার। এছাড়া আর্মান্দো গনসালেস, ওবেদ ভারগাস ও ব্রায়ান গুতিয়েরেসের মতো তরুণরাও স্কোয়াডে আছেন।

দলে নতুনত্ব যোগ করেছে দুই ন্যাচারালাইজড খেলোয়াড়। স্পেনে জন্ম নেওয়া মিডফিল্ডার আলভারো ফিদালগো এবং কলম্বিয়ায় জন্ম নেওয়া ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেস সাম্প্রতিক সময়ে দলে নিয়মিত হয়ে উঠেছেন এবং এবার বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছেন।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। মেক্সিকো নিজেদের দেশে সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৮৬ সালে, যেখানে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবার ঘরের মাঠে আরও ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে নামবে তারা।


বিজ্ঞাপন


কোচ হাভিয়ের আগিররের জন্যও এটি বিশেষ আসর। ২০০২ ও ২০১০ সালের পর এবার তৃতীয়বারের মতো মেক্সিকোকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন তিনি। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার সার্বিয়ার মুখোমুখি হবে মেক্সিকো। এরপর ১১ জুন এস্তাদিও আজতেকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা।

মেক্সিকোর বিশ্বকাপ দল
গোলরক্ষক: রাউল রাঙ্গেল, গিয়ের্মো ওচোয়া, কার্লোস আসেভেদো।
রক্ষণভাগ: হোর্হে সানচেজ, ইসরায়েল রেয়েস, সেসার মন্তেস, ইয়োহান ভাসকেস, হেসুস গায়ার্দো, মাতেও চাভেস।
মিডফিল্ড: এরিক লিরা, ওরবেলিন পিনেদা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, লুইস রোমো, এদসন আলভারেজ, ওবেদ ভারগাস, গিলবের্তো মোরা, লুইস চাভেস।
ফরোয়ার্ড: রোবের্তো আলভারাদো, সেসার হুয়ের্তা, আলেক্সিস ভেগা, হুলিয়ান কুইনোনেস, গিয়ের্মো মার্তিনেজ, আর্মান্দো গনসালেস, সান্তিয়াগো হিমেনেজ, রাউল জিমেনেজ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর