শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ, তবে...

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ, তবে...
প্রতীকী ছবি

ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা আর উৎসবের ঢেউ। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে চলছে সম্প্রচারস্বত্ব নিয়ে তীব্র আলোচনা। ভারত-বাংলাদেশে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সমর্থকদের মনে অনিশ্চয়তা থাকলেও, ব্রাজিলের দর্শকরা পাচ্ছেন দারুণ সুখবর। তারা পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন একদম বিনামূল্যে।

ব্রাজিলের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম কাজেটিভি ঘোষণা করেছে যে তারা ২০২৬ বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। দর্শকরা এসব ম্যাচ দেখতে পারবেন ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে।


বিজ্ঞাপন


কাজেটিভি চালু করেছেন ব্রাজিলের বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল। ২০২২ সালে লাইভমোডের সহযোগিতায় এই প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে। উল্লেখ্য, লাইভমোডে বিনিয়োগ রয়েছে বিশ্ব তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।

কাতার বিশ্বকাপে কয়েকটি ম্যাচ সম্প্রচারের মাধ্যমে আলোচনায় আসে কাজেটিভি। এরপর নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো বড় আসরেও সফলভাবে সম্প্রচার করেছে তারা। ধীরে ধীরে তারা ব্রাজিলের অন্যতম আস্থাভাজন স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

কাজেটিভি এবার বিশ্বকাপের ম্যাচগুলো ৪কে রেজল্যুশনে সম্প্রচারের পরিকল্পনা করেছে। শুধু ম্যাচ নয়, থাকবে আকর্ষণীয় প্রি-ম্যাচ ও পোস্ট-ম্যাচ শো, পর্দার আড়ালের গল্প এবং তরুণ দর্শকদের জন্য ইন্টারঅ্যাক্টিভ কনটেন্ট। এতে করে দর্শকরা আরও বেশি উপভোগ করতে পারবেন পুরো টুর্নামেন্ট।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সম্প্রচার শুধুমাত্র ব্রাজিলের মধ্যে সীমাবদ্ধ। ব্রাজিলের বাইরে থেকে (যেমন বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ) কাজেটিভির চ্যানেল খুঁজে পেলেও ম্যাচ দেখা যাবে না। কারণ ডিজিটাল সম্প্রচারস্বত্ব তারা শুধু ব্রাজিলিয়ান অঞ্চলের জন্য নিয়েছে। ফলে অন্য দেশের দর্শকদের জন্য জিও-ব্লকিং থাকবে।


বিজ্ঞাপন


ফলে বাংলাদেশ ও ভারতে বিশ্বকাপ দেখার জন্য এখনও অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক সম্প্রচারকারী চ্যানেলের ঘোষণার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর