পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান সময়টা মোটেই সুখকর নয়। বাংলাদেশের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ ও ওয়ানডে সিরিজে হারের পর এবার অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়াতে যাচ্ছে তারা। পেস বোলিংয়ের ওপর যে দলটি ঐতিহ্যগতভাবে ভরসা করে, সেই বিভাগটিই এখন প্রশ্নের মুখে।
শনিবার (৩০ মে) থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি পেসারদের বর্তমান অবস্থা নিয়ে খোলাখুলি কথা বলেছেন।
বিজ্ঞাপন
শাহিন বলেন, পেস বোলারদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে অতিরিক্ত ওয়ার্কলোড ও ক্লান্তি তাদের পারফরম্যান্স নামিয়ে দেয়। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, ‘একটা মেশিন যদি অনবরত চলে, তাহলে তারও রক্ষণাবেক্ষণ দরকার হয়। আমাদের কয়েকজন বোলার টানা অনেক ম্যাচ খেলেছে। সতেজ ও পর্যাপ্ত বিশ্রামে থাকলে একজন খেলোয়াড় স্বাভাবিকভাবেই বেশি গতি ও তীব্রতা নিয়ে বল করতে পারে।’
তবে শাহিন আশা প্রকাশ করেছেন যে, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে পেসারদের গতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ঠাট্টার সুরে তিনি আরও বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে আমার কথা জিজ্ঞেস করেন, তাহলে আপনার জন্য আমি ২০০ কিলোমিটার গতিতে বল করার চেষ্টা করব।’
দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাটে না খেলার কারণে দলের ছন্দ ফিরিয়ে আনতে সিরিজের আগে বিশেষ ক্যাম্প করা হয়েছে বলেও জানান শাহিন। অনুশীলন ভালো হয়েছে এবং দল দারুণ পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছে।
এই সিরিজে ওয়ানডে দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। তাকে দলের ‘মেরুদণ্ড’ আখ্যা দিয়ে শাহিন বলেন, ‘বাবর অনেকদিন ধরে আমাদের মিডল অর্ডারের প্রধান ভিত্তি। পিএসএলে দুর্দান্ত ফর্মে ছিল এবং শেষ টেস্টেও ভালো খেলেছে। আমরা আশা করছি, সে এই ফর্ম ধরে রেখে পাকিস্তানকে জয় এনে দেবে।’




