শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

ইউরোপসেরার মুকুট কার মাথায়? পিএসজির নাকি আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

ইউরোপসেরার মুকুট কার মাথায়? পিএসজির নাকি আর্সেনালের

আজ ফুটবল বিশ্বের চোখ বুদাপেস্টের দিকে। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ফুটবলের সৌন্দর্য আর উত্তেজনা একসঙ্গে দেখা যাবে। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), যারা নতুন করে আধিপত্যের গল্প লিখতে চায়। অন্যদিকে আর্সেনাল, যারা দুই দশকের অপেক্ষা ঘুচিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সোনালি ট্রফি ছুঁয়ে দেখতে চায়। আজ রাতে পুসকাস অ্যারেনায় শুরু হবে এই মহারণ।

পিএসজি একসময় নেইমার-মেসি-এমবাপ্পের মতো বিশ্বসেরা তারকাদের নিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখত। কিন্তু সেই তারকারা চলে যাওয়ার পরই ক্লাবটি নতুন রূপে ফিরে এসেছে। স্প্যানিশ কোচ লুইস এনরিকের নেতৃত্বে গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে তারা। এবার ফাইনালে উঠে টানা দ্বিতীয় শিরোপার সুযোগ পেয়েছে। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়তে চায় প্যারিসের দলটি।


বিজ্ঞাপন


গত মৌসুমের সেমিফাইনালেই আর্সেনালের স্বপ্ন ভেঙে দিয়েছিল পিএসজি। কিন্তু এক বছরে অনেক কিছু বদলে গেছে। আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ফিরিয়ে এনেছে ২২ বছর পর। দলে এসেছে ছন্দ, গভীরতা আর অসাধারণ আত্মবিশ্বাস। মিকেল আরতেতার অধীনে তারা এখন আরও পরিণত ও ভারসাম্যপূর্ণ।

পিএসজির আক্রমণে উসমান দেম্বেলে ও খিচা কাভারাস্কেইয়ার মতো তারকারা প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়াতে পারেন। তাদের গতি, দক্ষতা ও গোলের সামর্থ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

অন্যদিকে আর্সেনালের আক্রমণভাগও কম শক্তিশালী নয়। বুকায়ো সাকার সৃজনশীলতা, কাই হাভার্টজের অভিজ্ঞতা এবং ভিক্টর ইয়োকেরেসের শারীরিক শক্তি যেকোনো সময় বিপদ ডেকে আনতে পারে। মাঝমাঠে ডেক্লান রাইস, মার্টিন জুবিমেন্দি ও মার্টিন ওডেগার্ডের সমন্বয় আর্সেনালকে দিয়েছে দারুণ ভারসাম্য।

লুইস এনরিকে আর্সেনালকে যথেষ্ট সম্মান দেখিয়ে বলেছেন, দলটি তাদের কোচ আরতেতার চিন্তাধারা ও ব্যক্তিত্বের প্রতিফলন। অন্যদিকে আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভার্টজ দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, মাঠের লড়াইয়েই সব প্রমাণিত হবে।


বিজ্ঞাপন


আজকের ম্যাচ শুধু দুই দলের নয়, দুই ধরনের ফুটবল দর্শনেরও লড়াই। একদিকে টানা শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্ন। ফুটবলপ্রেমীরা আশা করছেন রোমাঞ্চকর ও উন্মাদনাপূর্ণ একটি ফাইনাল দেখার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর