শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

বিধ্বস্ত মৌসুম শেষে নেতৃত্ব ছাড়লেন ঋষভ পন্থ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

বিধ্বস্ত মৌসুম শেষে নেতৃত্ব ছাড়লেন ঋষভ পন্থ

দুর্দান্ত প্রতিভা আর আগ্রাসী নেতৃত্বের জন্য পরিচিত ঋষভ পন্থ আইপিএলের এবারের মৌসুমে লখনউ সুপার জায়ান্টসকে আর সামনে নিয়ে যেতে পারলেন না। ১৪ ম্যাচে মাত্র ৪ জয় এবং টেবিলের তলানিতে থাকার পর অবশেষে অধিনায়কত্বের ভার নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের মাধ্যমে লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য শুরু হলো এক নতুন অধ্যায়।

শুক্রবার পন্থ নিজেই ফ্র্যাঞ্চাইজিকে তার সিদ্ধান্ত জানিয়েছেন। দলের ক্রিকেট পরিচালক টম মুডি পরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। মুডি বলেন, 'ঋষভ আমাদের কাছে অধিনায়কত্ব ছাড়ার অনুরোধ করেছে। আমরা সম্মানের সঙ্গে তা গ্রহণ করেছি। অধিনায়ক হিসেবে ড্রেসিংরুমে তার অবদান ছিল অসাধারণ। আমরা তার প্রতি কৃতজ্ঞ।'


বিজ্ঞাপন


এখন ফ্র্যাঞ্চাইজির পুরো মনোযোগ নতুন করে দল গড়ে তোলা এবং সাফল্য ফিরে পাওয়ার দিকে।

২০২৫ সালের মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে ভিড়িয়েছিল লখনউ। যোগ দেওয়ার পর তিনি বলেছিলেন, দলকে সাফল্য এনে দিতে নিজের সবটুকু উজাড় করে দেবেন। কিন্তু বাস্তবে চিত্রটা ছিল একেবারে উল্টো।

দুই মৌসুমে তার নেতৃত্বে লখনউ খেলেছে ২৮টি ম্যাচ। জয় পেয়েছে মাত্র ১০টি, হেরেছে ১৮টি। ২০২৫ সালে তারা ছিল সপ্তম স্থানে। এবারের আসরে অবস্থান হয়েছে সবার নিচে।

পন্থ নিজেও ব্যাট হাতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। গত মৌসুমে ১৩৩.১৬ স্ট্রাইক রেটে করেছিলেন ২৬৯ রান। এবার ১৩৮.০৫ স্ট্রাইক রেটে রান ছিল ৩১২। টুর্নামেন্টের মান অনুযায়ী যা যথেষ্ট ছিল না।


বিজ্ঞাপন


গত সপ্তাহে পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ লিগ ম্যাচের পর টম মুডি ইঙ্গিত দিয়েছিলেন যে, অধিনায়কত্বের চাপ পন্থের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখা হবে।

টম মুডি পন্থের উত্তরসূরি কবে নিয়োগ করা হবে তা এখনো স্পষ্ট করেননি। আগামী ডিসেম্বরের আইপিএল নিলাম পর্যন্ত অপেক্ষা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর