ক্রিকেট মাঠে যখন একটা ১৫ বছরের ছেলে ব্যাট হাতে ঝড় তুলে সবাইকে চমকে দেয়, তখন পুরোনো স্মৃতি জেগে ওঠে কিংবদন্তিদের মনে। ভারতের তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী ঠিক তেমনই এক ঝড়। তার আগ্রাসী ব্যাটিং দেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ মনে করিয়ে দিয়েছেন তরুণ শাহিদ আফ্রিদির কথা।
ভারতীয় এই কিশোর ব্যাটারের মধ্যে তিনি দেখছেন সেই একই ভয়ডরহীন মানসিকতা, বিস্ফোরক শট আর অসীম প্রাণশক্তি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইউসুফ লিখেছেন, '১৫ বছর বয়সী ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী আমাকে মনে করিয়ে দেয় শহীদ আফ্রিদির কথা তরুণ, ভয়ডরহীন, বিস্ফোরক ও প্রাণশক্তিতে ভরপুর। ভবিষ্যৎ এখানেই!'
১৯৯৬ সালে মাত্র ১৬ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন শাহিদ আফ্রিদি। সেই সময় টি-টোয়েন্টি ক্রিকেটের চলই ছিল না। কিন্তু তার আক্রমণাত্মক ব্যাটিং সবাইকে মুগ্ধ করেছিল।
এখন সেই ছবিটাই যেন ফিরে এসেছে বৈভব সূর্যবংশীর মাধ্যমে। আন্তর্জাতিক অভিষেক এখনও হয়নি, কিন্তু ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে তিনি ইতিমধ্যে রেকর্ড গড়ে ফেলেছেন।
বিজ্ঞাপন
গত আইপিএলে মাত্র ১৪ বছরে ৭ ম্যাচে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত তার স্ট্রাইক রেট আরও ভয়ংকর ২৪২.৮৫ এবং রান ৬৮০।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ বছর বয়সে ৩টি এবং ১৫ বছরে আরও ১টি সেঞ্চুরি করেছেন বৈভব। ১৮ বছরের আগে ৪টি টি-টোয়েন্টি সেঞ্চুরির এমন কীর্তি আর কারও নেই। লিস্ট ‘এ’ ক্রিকেটে (বিজয় হাজারে ট্রফি) সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও তিনি। গত ডিসেম্বরে ১৪ বছর ২৭২ দিন বয়সে ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা।




