বিশ্বকাপের আগে বেশিরভাগ দলই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও অপেক্ষায়। কোচ লিওনেল স্কালোনি একটি ব্যতিক্রমী পদ্ধতিতে দল বাছাই করছেন, যেখানে তার পুরো কোচিং স্টাফ একসঙ্গে ছয়টি ভিন্ন স্কোয়াড তৈরি করে আলোচনায় বসেছেন। মাত্র ছয় দিন বাকি। ১ জুনের ডেডলাইনের আগে কীভাবে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত?
আর্জেন্টিনা গত ১১ মে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেও চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড এখনও জানায়নি। কোচ লিওনেল স্কালোনি ইচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন। তার কারণ একটি অনন্য দল নির্বাচন প্রক্রিয়া।
বিজ্ঞাপন
সহকারী কোচ রবার্তো আয়ালা সম্প্রতি এক ইউটিউব পডকাস্টে জানিয়েছেন, স্কালোনির নেতৃত্বে পুরো কোচিং স্টাফ সক্রিয়ভাবে জড়িত। প্রত্যেক সদস্য নিজের মতো করে একটি করে স্কোয়াড তৈরি করেছেন। এই ছয়টি তালিকা এখন অনলাইন গ্রুপ চ্যাটে আলোচনার জন্য রাখা হয়েছে।
স্কালোনি ও আয়ালা দুটি তালিকা তৈরি করেছেন। বাকি চারটি তৈরি করেছেন ওয়াল্টার সামুয়েল, পাবলো আইমার, ম্যাচ অ্যানালিস্ট মাতিয়াস মান্না এবং ফিটনেস কোচ লুইস মার্তিন। আয়ালা বলেন, 'সবার তালিকায় খুব সামান্যই পার্থক্য। হয়তো একটি-দুটি নাম এদিক-ওদিক হয়েছে।'
প্রাথমিক ৫৫ জনের তালিকা থেকে ইতিমধ্যে কাটছাঁট করে ৩৫ জনে নামিয়ে আনা হয়েছে। তবে খেলোয়াড়দের চোট-আঘাত ও ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে। সম্প্রতি লিওনেল মেসি বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ম্যাচ ছাড়তে বাধ্য হন। তবে প্রাথমিক পরীক্ষায় বড় কোনো চোট পাননি তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা নিয়ে তার কোনো সংশয় নেই। এটি হবে তার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।
আয়ালা জানান, তালিকার প্রায় ৮০ শতাংশই প্রায় চূড়ান্ত। বাকি অংশ নিয়ে আরও মূল্যায়ন চলছে—ফর্ম, ফিটনেস ও দলের প্রয়োজন অনুযায়ী। তিনি বলেন, 'শেষ মুহূর্তে কোনো সমস্যা হলে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তখন দেখতে হবে কোন খেলোয়াড় কোন পজিশনে বেশি কাজে আসবে।'
বিজ্ঞাপন
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৭ দিন বাকি। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন (বাংলাদেশ সময় সকাল ৭টা) আলজেরিয়ার বিপক্ষে। এর আগে ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্যান্ডের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।




