দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) খেলোয়াড়, কোচ, নির্বাচকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর অবশেষে পরিচালক হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু করতে যাচ্ছেন দেশের সাবেক টেস্ট অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু।
বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার (২৫ মে) প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা গেছে, এই ক্যাটাগরি থেকে মোট ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৭ জুন মিরপুরের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ নির্বাচন।
বিজ্ঞাপন
ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন- ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, চট্টগ্রাম বিভাগ থেকে মঈন উদ্দিন চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন।
এ ক্যাটাগরি থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুটি পদে ভোটাভুটি হবে খুলনা ও বরিশাল বিভাগে। খুলনা বিভাগে দুটি পদের জন্য তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন মোঃ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোঃ আব্দুছ ছালাম। বরিশালে একটি পদের জন্য লড়বেন মোঃ মিজানুর রহমান ও মোঃ মুনতাসির আলম চৌধুরী।
এছাড়া ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোঃ আলমগীরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ফাহিম সিনহা, তামিম ইকবাল, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, সাঈদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিমসহ অন্যরা।
বিজ্ঞাপন
নির্বাচনের পর ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ১ জন মিলিয়ে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আরও দুজন প্রতিনিধি যুক্ত হয়ে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ বিসিবি বোর্ড গঠিত হবে।




