আগামী ১ থেকে ১০ জুন মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্ট’। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করছে মালদ্বীপ। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে রবিবার (২৪ মে, ২০২৬) ৩২ সদস্যের একটি শক্তিশালী প্রাথমিক অলিম্পিক (অনূর্ধ্ব-২৩) দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দল ঘোষণার আগে গুঞ্জণ ছিল প্রবাসী ফুটবলারদের এই দলে ডাক পাওয়ার। তবে শেষ পর্যন্ত প্রবাসী ফুটবলার ছাড়াই এ টুর্নামেন্টে খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দলে থাকছেন হজাতীয় দলে খেলা বেশ কয়েকজন ফুটবলার। জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে আছেন মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভারা।
বিজ্ঞাপন
ঘোষিত স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারদের আগামীকাল (২৫ মে) ট্রায়াল ও কন্ডিশনিং ক্যাম্পের জন্য নির্দিষ্ট দলীয় হোটেলে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ মারুফুল হক।
আসন্ন টুর্নামেন্টের জন্য সম্পূর্ণ ঘরোয়া লিগে খেলা প্রতিভাবান স্থানীয় তরুণদের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। তবে মারুফুলের শিষ্যদের জন্য মালদ্বীপের এই মিশনটি বেশ কঠিন হতে যাচ্ছে। কারণ টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি তিন দল- আয়োজক মালদ্বীপ, আফগানিস্তান এবং পাকিস্তান তাদের অনূর্ধ্ব-২৩ দলের পরিবর্তে পূর্ণ শক্তির ‘সিনিয়র জাতীয় দল’ পাঠাবে। ফলে সেই দলগুলোর বিপক্ষে বাংলাদেশের এই তরুণ অলিম্পিক দল কেমন প্রতিরোধ গড়ে তোলে, সেটাই হবে দেখার বিষয়।
বাংলাদেশ অলিম্পিক দল:
মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।




