আইপিএল ২০২৬-এর লিগ পর্বের শেষ ম্যাচটি ক্রিকেটীয় রোমাঞ্চের পাশাপাশি মাঠের ভেতরের চরম নাটকীয়তার সাক্ষী হয়ে রইল। সানরাইজার্স হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (২২ মে, ২০২৬) আরসিবি বনাম এসআরএইচ ম্যাচে সব আলো কেড়ে নিলেন বিরাট কোহলি। তবে এবার তার দাপুটে ব্যাটিংয়ের জন্য নয়, বরং অজি তারকা ট্রাভিস হেডের সাথে মাঠের তীব্র মনস্তাত্ত্বিক লড়াই এবং ম্যাচ শেষে হাত না মিলিয়ে হেডকে কোহলির উপেক্ষা এখন নেটপাড়ায় তুমুল চর্চার বিষয়।
সানরাইজার্সের দেওয়া ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করার সময় ঘটনার সূত্রপাত। কোহলি যখন পরপর দুটি বাউন্ডারি মেরে কেবল নিজের চেনা ছন্দে ফিরছিলেন, ঠিক তখনই কোনো একটি বিষয় নিয়ে ট্রাভিস হেডের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। কোহলিকে বেশ উত্তেজিত হয়ে হেডকে কড়া কিছু কথা শোনাতে দেখা যায়, যার জবাবে এই অস্ট্রেলিয়ান ওপেনারকে কেবল মুচকি হাসতে দেখা গেছে।
বিজ্ঞাপন
এই ঝামেলার রেশ ম্যাচ শেষ হওয়ার পরেও কাটেনি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা যখন প্রথা অনুযায়ী হাত মেলাচ্ছিলেন, তখন হেড কোহলির দিকে হাত বাড়িয়ে দিলেও কোহলি তাকে সম্পূর্ণ এড়িয়ে যান এবং অজি তারকার দিকে না তাকিয়েই পরের খেলোয়াড় ইশান কিশানের সাথে হাত মেলান। অপমানিত হেডকে তখন চরম বিস্ময় নিয়ে কোহলির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ তাদের চিরাচরিত বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনী বজায় রাখে। অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিং, ইশান কিশানের আগ্রাসন এবং হাইনরিখ ক্লাসেনের দানবীয় স্ট্রোকের ওপর ভর করে ৪ উইকেটে ২৫৫ রানের পাহাড়সম স্কোর গড়ে এসআরএইচ। বিশাল এই রান তাড়া করতে নেমে ভেঙ্কটেশ আইয়ার ১৯ বলে ৪৪ রানের এক ক্যামিও ইনিংস খেললেও বিরাট কোহলি ১১ বলে ১৫ রান করে আউট হলে আরসিবি ম্যাচ থেকে ছিটকে যায়।
তবে আরসিবি-র মূল লক্ষ্য ছিল ম্যাচ জেতার চেয়েও রান রেট বাঁচিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করা। তার জন্য তাদের প্রয়োজন ছিল ১৬৬ রান। ম্যাচ জয় অসম্ভব জেনে দুই অভিজ্ঞ ব্যাটার রজত পাতিদার (৩৯ বলে ৫৬) এবং ক্রুনাল পান্ডিয়া (৩১ বলে অপরাজিত ৪১) ৮৪ রানের জুটি গড়ে দলের সেই লক্ষ্য পূরণ করেন। প্যাট কামিন্সকে পাতিদার যখন একটি ছক্কা মারেন, তখনই আরসিবি-র শীর্ষ দুই নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০০ রান তোলে বেঙ্গালুরু।
বিজ্ঞাপন
ম্যাচটি সানরাইজার্স হায়দরাবাদ ৫৫ রানের বিশাল ব্যবধানে জিতলেও টেবিলের সমীকরণে শেষ হাসি হেসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই। লিগ পর্ব শেষে আরসিবি, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ- তিন দলেরই সংগ্রহ সমান ১৮ পয়েন্ট। কিন্তু রান রেটের বিচারে সবাইকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে আরসিবি। যার ফলে প্লে-অফে ফাইনালে ওঠার জন্য তারা দুটি সুযোগ (কোয়ালিফায়ার ১) পাবে। অন্যদিকে গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ রান রেটের কারণে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করল।




