২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষলগ্নে এসে বিশ্ব ফুটবলকে সবচেয়ে বড় ধাক্কাই দিতে চলেছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ম্যানুয়েল নয়ারের অবসর ভেঙে জার্মানি দলে ফেরা কিংবা ইরানি ফুটবলারদের ভিসা জটিলতার খবরের মাঝে এবার টুখেলের এক চরম ও বিতর্কিত সিদ্ধান্তে তোলপাড় ইংলিশ ফুটবল পাড়া।
শুক্রবারচ থ্রি লায়ন্সদের ২৬ সদস্যের যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হতে যাচ্ছে, সেখান থেকে ফর্মহীনতার কারণে একযোগে বাদ পড়ছেন ম্যান সিটির ফিল ফোডেন এবং চেলসির কোল পালমার! শুধু তাই নয়, স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারেরও। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
দল থেকে বাদ পড়ার খবরটি নিশ্চিত হওয়ার পরপরই নিজের ইনস্টাগ্রামে ক্ষোভ ও দুঃখ উগড়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। তিনি লেখেন, "ক্লাবের হয়ে এই মরশুমে আমি যেভাবে খেলেছি, তাতে আমি নিশ্চিত ছিলাম যে দেশের হয়ে বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারব। কোচের এই সিদ্ধান্তে আমি স্তব্ধ এবং গভীরভাবে মর্মাহত।" ম্যাগুইয়ারের বাদ পড়াটা মেনে নিতে পারেননি তার মা জো ম্যাগুইয়ারও; সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি টুখেলের এই সিদ্ধান্তকে "ন্যক্কারজনক ও বিরক্তিকর" বলে ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাগুইয়ারের সাথে বাদ পড়েছেন তার ইউনাইটেড সতীর্থ লিউক শ, এসি মিলানের ফিকায়ো তোমোরি এবং চেলসির লেভি কলউইল।
ফোডেন-পালমারদের অফ-ফর্মের সুযোগে টুখেলের আক্রমণভাগে জায়গা করে নিয়েছেন আল-আহলির স্ট্রাইকার ইভান টোনি। চলতি মরশুমে সৌদি প্রো লিগে ৩২ ম্যাচে ৩২ গোল করে গোলমেশিন বনে যাওয়া এই স্ট্রাইকারকে লুফে নিয়েছেন ইংলিশ বস। তার সাথে থাকছেন সদ্য ইউরোপা লিগের ট্রফি জেতা অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্স। তবে কপাল পুড়েছে নটিংহ্যাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইটের; প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৪টি গোল করা ইংলিশ মিডফিল্ডার হওয়া সত্ত্বেও টুখেলের মন গলাতে পারেননি তিনি।
টুখেলের এই ২৬ সদস্যের দলে বড় জয়জয়কার মিকেল আরতেতার অধীনে সদ্য প্রিমিয়ার লিগ জেতা আর্সেনাল তারকাদের। বুকায়ো সাকা ও ডেকলান রাইসের সাথে দলে ডাক পেয়েছেন গানার্স উইঙ্গার ননি মাদুয়েকে এবং ক্রিস্টাল প্যালেসের এবেরেচি এজে। রক্ষণভাগের বড় বড় তারকাদের ছেঁটে ফেলায় চোটাক্রান্ত জন স্টোনসের ওপরই ভরসা রাখছেন কোচ, যদিও ম্যান সিটি ছাড়ার মুখে থাকা এই ডিফেন্ডারের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। মাঝমাঠে জায়গা ধরে রাখছেন তরুণ কোবি মাইনো এবং টুখেলের অতি বিশ্বস্ত ব্রেন্টফোর্ডের জর্ডান হেন্ডারসন।




